চুয়াডাঙ্গার হাতিকাটা ও মুন্নার মোড় এলাকায় ভোক্তা-অধিকারের অভিযান ওজন পরিমাপক যন্ত্রের সনদ না থাকায় দুই স্কেল ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা ও মুন্নার মোড় এলাকায় অভিযান চালিয়ে ওজন পরিমাপক যন্ত্রের ভেরিফিকেশন সনদ না থাকায় দুটি ডিজিটাল ব্রীজ স্কেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে কাগজপত্র ঠিক না করা পর্যন্ত অপর একটি প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে  এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
অভিযান সূত্রে জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেন। গতকাল সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অভিযানে  হাতিকাটা ও মুন্নার মোড় এলাকায় ব্রীজ স্কেল এবং  রড মাপার স্কেলের দোকান তদারকি করা হয়। তদারকিকালে ওজনমাপক যন্ত্রে কোনো ভেরিফিকেশন সনদ না থাকায় হাতিকাটার এন কে ট্রেডার্স এর মালিক মো: মহসিন আলী জোয়ার্দ্দারকে ২০ হাজার টাকা এবং মেসার্স ব্রাদার্স ট্রেডার্সের মালিক মো: রাহিনুর ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া চুয়াডাঙ্গা পৌর এলাকার  মুন্নার মোড়ে ‘গোল্ডেন ডিজিটাল ব্রিজ স্কেল’-এর প্রয়োজনীয় কাগজপত্র ঠিক না থাকায়, তা সংশোধন না করা পর্যন্ত প্রতিষ্ঠানটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। তবে কাগজপত্র সঠিক পাওয়ায় ‘সুগন্ধা ডিজিটাল ব্রীজ স্কেল’ ও ‘বিসমিল্লাহ ডিজিটাল ব্রীজ স্কেল’ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয়।
অভিযানকালে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানে সেবা মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন করার জন্য নির্দেশনা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) প্রতিনিধি মো: রফিকুল ইসলাম ও  জেলা আনসার ব্যাটালিয়নের একটি  দল।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।