উৎসবমুখর পরিবেশে চুয়াডাঙ্গা আনসার ব্যাটালিয়নের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার
উৎসবমুখর পরিবেশে চুয়াডাঙ্গা (৯বিএন) আনসার ব্যাটালিয়নের সুবর্ণজয়ন্তী তথা ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার ব্যাটালিয়ন সদরে দিনব্যাপী গৌরবোজ্জ্বল এই হাফ সেঞ্চুরি উৎসব স্মরণীয় করে রাখতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে ডিঙ্গেদহ আনসার ব্যাটালিয়ন দপ্তর সাজানো হয়েছিল এক অপরূপ সাজে। অনুষ্ঠান শুরুতে ফজরের নামাজ পর ইউনিট ও বাহিনীর উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় ও ইউনিট পতাকা উত্তোলন করা হয়।
এবারের সুবর্ণজয়ন্তী উৎসবে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস। সকাল ১০টায় প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে পৌঁছালে ফুলের শুভেচ্ছা ও গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর সকাল সাড়ে ১০টায় ব্যাটালিয়নের সদস্যদের নিয়ে এক বিশেষ দরবার অনুষ্ঠিত হয়। দরবারে প্রধান অতিথি বাহিনীর গৌরবময় ইতিহাস তুলে ধরে দেশের কল্যাণে নিয়োজিত থাকার আহ্বান জানান। আনসার ব্যাটালিয়ন দীর্ঘ ৫০ বছর ধরে দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা বিধান এবং দেশের সার্বিক উন্নয়নে সুনামের সাথে কাজ করে আসছে। এই ঐতিহাসিক সুবর্ণজয়ন্তী আমাদের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের।
বেলা সাড়ে ১১টায় একটি আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড্ডয়ন করা হয়। এরপর আলোচনা সভার আয়োজন করা হয়।  এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রেঞ্জ কমান্ডার আব্দুস সামাদ।  তিনি বলেন, আনসার বাহিনীর স্বার্থে আমাদের অর্পিত দায়িত্ব যে স্থানেই হোক না কেন, আমাদের দেশের স্বার্থে পালন করতে হবে। যাতে দেশে ক্ষুধা মুক্ত, দারিদ্র্যমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি উন্নত বাংলাদেশ আমরা  গড়তে পারি এ  প্রত্যয় ব্যক্ত করেন। চুয়াডাঙ্গা আনসার ব্যাটালিয়ন (৯ বিএন)-এর পরিচালক মোঃ সাজ্জাদ মাহমুদের  সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপপরিচালক খাদেমুল ইসলাম, কোম্পানি কমান্ডার আবুল কালাম আজাদ, মেহেরপুর জেলা কমান্ডেন্ট আলামিনসহ বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা।
বিকালে ব্যাটালিয়ন সদস্যদের এক মনোজ্ঞ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্রয়ের মধ্যে দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি হয়।  

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।