দর্শনা অফিস:
দর্শনা দঃচাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। পরীক্ষা শুরু হওয়ার দুই দিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে টিকটক আইডিতে প্রশ্নপত্রটি পাওয়া যাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকা ও সচেতন মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় বইছে।
প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। পরীক্ষার পূর্বেই প্রশ্নপত্র টিকটকে চলে আসায় সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: লিয়াকত হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি জানান, তিনি নিজেও টিকটক আইডিতে এই প্রশ্নপত্র দেখেছেন। তবে প্রশ্নপত্র কীভাবে ‘লিক’ বা ফাঁস হচ্ছে, সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু জানাতে পারেননি।
পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মতো সংবেদনশীল ঘটনায় বিদ্যালয়ের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে এবং এর সুনির্দিষ্ট তদন্ত দাবি করছেন সংশ্লিষ্টরা।



