চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামে কবিরাজির নামে অপচিকিৎসা মোবাইল কোর্টের অভিযানে রিপন নামের ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামে কবিরাজির নামে অপচিকিৎসার অভিযোগে রিপন নামের এক ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। রিপন দীর্ঘদিন ধরে চিকিৎসার নামে সাধারন মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিলো।
চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র গণমাধ্যমে পাঠানো এক তথ্য বিবরণীতে ভ্রাম্যমান জানা গেছে, অভিযুক্ত রিপন হোসেন দীর্ঘদিন ধরে হাজরাহাটি এলাকায় কবিরাজি পেশার নামে সাধারণ মানুষকে তাবিজ-কবচ দেওয়া, ঝাড়ফুঁক করাসহ নানা প্রকার ভিত্তিহীন অপচিকিৎসা দিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার বেলা ১টা থেকে দুপুর আড়াই পর্যন্ত হাজরাহাটি গ্রামের জোয়ার্দ্দার পাড়ায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় কবিরাজি চিকিৎসার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন প্রকার ভুয়া ওষুধ, বই ও অন্যান্য ক্ষতিকর উপকরণ জব্দ করা হয়। পরবর্তীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় রিপন হোসেনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযুক্ত রিপন হোসেন নিজের অপরাধ স্বীকার করে ভবিষ্যতে আর কখনো অপচিকিৎসা করবেন না মর্মে একটি লিখিত অঙ্গীকার নামা প্রদান করেন। অভিযুক্তকে ভবিষ্যতে এ ধরনের অনৈতিক ও আইন বহির্ভূত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান, চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রানাসহ পুলিশের একটি দল।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।