জীবননগর অফিস
সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মো. আবুল বাশার সংবাদ সম্মেলন করেছেন। গতকাল সোমবার বেলা ১১টায় জীবননগর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবুল বাশার বলেন, একটি কুচক্রী ও স্বার্থান্বেষী মহল এবং সোহানুর জামান নামের এক ব্যক্তি পরিকল্পিতভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে একটি ভুয়া ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত ভাবে অপপ্রচার চালিয়ে আসছে। এ আই দিয়ে তৈরি ভিডিওতে আমাকে শীর্ষ মাদক ব্যবসায়ী বলা হয়েছে। বাস্তবে আমি ধূমপান পর্যন্ত করি না। তিনি আরও বলেন, আমি মাদকের সঙ্গে জড়িত এটা প্রমাণ দিতে পারলে যেকোনো শাস্তি আমি মাথা পেতে নেব। আর আমি কখনো বিচার সালিশে বসিনা। তারপরও তারা বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য কুরুচি পূর্ণ মন্তব্য ও অসত্য বক্তব্য প্রচার করে আমার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক সম্মান ক্ষুন্ন করার অপচেষ্টা করছে।
আবুল বাশার সংবাদ সম্মেলনে দৃঢ়তার সাথে বলেন, আমার বিরুদ্ধে প্রচারিত এসব তথ্যের কোন সত্যতা নেই। এগুলো সম্পূর্ণ মিথ্যা মনগড়া ও বিদ্বেষ মূলক। দীর্ঘদিন ধরে আমি এলাকার মানুষের পাশে থেকে সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করছি। একজন জনপ্রতিনিধি এবং রাজনৈতিক কর্মী হিসেবে সব সময় জনগণের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। আমার সেই দীর্ঘদিনের অর্জিত সুনাম নষ্ট করার উদ্দেশ্যেই একটি মহল এ ধরনের অপপ্রচারে লিপ্ত হয়েছে। মযোরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার চরিত্র হননে লিপ্ত তাদেরকে আবুল বাশার দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান।
সংবাদ সম্মেলনে বাঁকা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল খালেক, বাঁকা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, বাঁকা ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে জীবননগর প্রেসক্লাবে বিএনপি নেতার সংবাদ সম্মেলন



