স্টাফ রিপোর্টার
প্রণোদনা কর্মসুচির আওতায় চুয়াডাঙ্গায় সাড়ে ৫ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন ও গ্রীস্মকালীন বিভিন্ন জাতের সবজির উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০ টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা কনফারেন্স রুমে এ উপকরণ কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।
এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপ-সহকারী কৃষি অফিসার বকুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র। স্বাগত বক্তব্য সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক সম্পাদক শরীফুজ্জামান শরীফ বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে আনতে এবং ফলন বাড়াতে এই প্রণোদনা কর্মসূচি বিশেষ ভূমিকা পালন করবে। বিনামূল্যে বীজ ও আধুনিক কৃষি উপকরণ পাওয়ার ফলে আমাদের প্রান্তিক কৃষকেরা আরও বেশি উৎসাহিত হবেন, যা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই বীজ এবং শাড়ি নিয়ে কেউ বাড়িতে ফেলে রাখবেন না। সকালেই এই সবজি মাঠে চাষ করবেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র বলেন, আমি দীর্ঘদিন যাবত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বিভিন্ন জায়গায় কর্মরত ছিলাম। আমি লক্ষ্য করছি বিগত সরকারের তুলনায় বর্তমান সরকার কৃষির প্রতি বেশি প্রণোদনা দিচ্ছে। কৃষকেরা এ সকল প্রণোদনা নিয়ে চাষ করে স্বাবলম্বী হবে এটাই সরকারের কৃষকদের প্রতি প্রত্যাশা। এ সকল সবজির বীজ এবং সার বাড়িতে নিয়ে কেউ ফেলে রাখবেন না এগুলো অবশ্যই চাষ করবেন। প্রান্তিক পর্যায়ের কৃষকেরা এ সকল প্রণোদনা নিয়ে চাষ করে স্বাবলম্বী হবে এটাই আশা করি।
আলোচনা শেষে ১ হাজার ২৫০ জন কৃষকের প্রত্যেককে উফশী আমন ধানের ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এছাড়া ৩ হাজার ৩ শ কৃষকের প্রত্যেককে সবজির উপকরণ দেয়া হয়। সবজির উপকরণের মধ্যে রয়েছে ১৫ কেজি ডিএপি, ১৫ কেজি এমওপি, কলমি শাক, হাইব্রিড লাউ, হাইব্রিড চাল কুমড়া, পুইশাক, হাইব্রিড বেগুন, হাইব্রিড শশা ও মিষ্টি কুমড়া।
চুয়াডাঙ্গায় বিনামূল্যে উফশী রোপা আমন ও বিভিন্ন সবজির উপকরণ বিতরণ অনুষ্ঠানে শরীফুজ্জামান শরীফ



