আলমডাঙ্গা অফিস
দারিদ্র্য যেন কেড়ে নিতে বসেছিল দুই চোখের আলো। অর্থাভাবে থমকে ছিল চিকিৎসা, অনিশ্চয়তায় কাটছিল প্রতিটি দিন। আলমডাঙ্গা উপজেলার বেলগাছী গ্রামের অসচ্ছল যুবক টিপু সুলতানের চোখের চিকিৎসার জন্য এগিয়ে এসেছেন এলাকার প্রবাসী ও স্থানীয় যুবকেরা। দেশ-বিদেশে থাকা ৬৯ জনের স্বেচ্ছা অনুদানে গঠিত তহবিল থেকে তাঁর হাতে ১ লাখ টাকা তুলে দেওয়া হয়েছে। তবে চিকিৎসা সম্পন্ন করতে এখনও আরও প্রায় এক লাখ টাকা প্রয়োজন বলে জানিয়েছেন উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্টরা। গতকাল বিকাল সাড়ে পাঁচটার দিকে বেলগাছী পুরাতন বাজারে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে টিপু সুলতানের হাতে অনুদানের অর্থ তুলে দেওয়া হয়।
উদ্যোক্তারা জানান , গত (২১ জুন) রাজধানীর ধানমন্ডির ভিশন আই হাসপাতালে টিপুর চোখ পরীক্ষা করা হয়। চিকিৎসকদের মতে , তাঁর দুই চোখের দৃষ্টিশক্তি দ্রুত কমে যাচ্ছে। দ্রুত অস্ত্রোপচার না করলে তিনি স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারাতে পারেন। চিকিৎসার জন্য প্রায় দুই লাখ টাকা প্রয়োজন হলেও পরিবারের পক্ষে সেই ব্যয় বহন করা সম্ভব নয়। বিষয়টি জানার পর বেলগাছী ও পোয়ামারী গ্রামের প্রবাসী এবং স্থানীয় কয়েকজন যুবক মিলে একটি সহায়তা তহবিল গঠন করেন। পরে ৬৯ জনের স্বেচ্ছা অনুদানে এক লাখ টাকা সংগ্রহ করা হয়। বাকি অর্থ সংগ্রহের কাজও চলছে।
সহায়তার অর্থ হাতে পেয়ে টিপু সুলতান বলেন, আপনাদের সহযোগিতা না পেলে আমার চিকিৎসা করানো সম্ভব হতো না। যারা আমার পাশে দাঁড়িয়েছেন , তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। এখনও আরও কিছু টাকা প্রয়োজন। সবার সহযোগিতা ও দোয়া পেলে দ্রুত অস্ত্রোপচার করাতে পারব।
ইতালি প্রবাসী রাব্বি বলেন, প্রবাসে থাকলেও জন্মভূমির মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্বের অংশ। ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।
স্থানীয় ব্যবসায়ী সোহেল বলেন, মানুষ মানুষের জন্য এই বিশ্বাস থেকেই আমরা সবাই একসঙ্গে এগিয়ে এসেছি। সমাজের সামর্থ্যবানদেরও এমন মানবিক কাজে অংশ নেওয়া উচিত।
প্রবাসীরা জানান , যদিও থাকি দূর প্রবাসে তবু সবসময় আছি অসহায় ও দুঃস্থ মানুষের পাশে আমরা , এই মানবিক অঙ্গীকার থেকেই তারা এ উদ্যোগ গ্রহণ করেছেন। ভবিষ্যতেও এলাকার অসহায় ও দরিদ্র মানুষের প্রয়োজনে তারা এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রবাসীদেরও মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
স্থানীয়রা বলেন, একজন অসহায় মানুষের চিকিৎসার জন্য এলাকার তরুণদের এই উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে। তারা আশা করেন , দ্রুত প্রয়োজনীয় অর্থ সংগ্রহ হবে এবং টিপু সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।
এই মানবিক উদ্যোগে অংশ নেন, সৌদি আরব প্রবাসী শাজাহান, হাসান, সুজন, রাসেল, সোহেল, শিহাব, কবির, গোলাম মোস্তফা, লিপন, পিন্টু ও কামাল, ইতালি প্রবাসী রাহাত রাব্বি, মামুন, শেখ তাজরিয়ান মাহমুদ, সোহাগ, সন্তোষ, রবিউল, তুহিন, সবুজ, তৌফিক আহমেদ, আরিফ, বাবু, হাবিবুর, রাইসুল করিম, শাহীন, জিহাদ, মামুন, রাকিব, আসাদ, শাহীন, রতন ও মিন্টু। মালয়েশিয়া প্রবাসী, কলম, সোহাগ, সবুজ, শাকিল, ফারুক, রাসেল, আফাজ, সজীব, সোহান, রাজীব, শামীম, মারুফ হাসান, রতন, সামাদ, হাফেজ ইমন, মিমিন ও লিকু। কুয়েত প্রবাসী , সাইফুল, আকাশ, আকাশ ও সাজু; সিঙ্গাপুর প্রবাসী রাব্বি ও শাওন। জার্মানি প্রবাসী শামীম কবির। মালদ্বীপ প্রবাসী মহাসিন। ডেনমার্ক প্রবাসী সাকিব। চীন প্রবাসী আবু সাঈদ এবং কুর্দিস্তান প্রবাসী পলাশ। এ ছাড়া স্থানীয়ভাবে রাজিব মোল্লা, মাসুম মোল্লা , নাহিদ হাসান , সোহান, সাঈদ, রাকিবুল, তরিকুল ও তৌফিক আহমেদসহ আরও কয়েকজন যুবক এই উদ্যোগ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তি মুকা মালিথা, জাহিদুল ইসলাম (সলক), সুদ্দুর, সাব্বির, সোহেল, উজ্জ্বলসহ এলাকার আরও অনেক বাসিন্দা।
আলমডাঙ্গার বেলগাছীর অসহায় যুবক টিপুর চিকিৎসায় ৬৯ জনের অনুদানে এক লাখ টাকা সংগ্রহ অস্ত্রোপচারের জন্য প্রয়োজন আরও এক লাখ টাকা



