আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে টাপেন্টাডল কারবারি ও মোটরচোরসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ছয়টি টাপেন্টাডল ট্যাবলেট ও একটি চোরাই মোটর। পরে পৃথক মামলায় আদালতে হাজির করা হলে পাঁচজনকেই কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। গত রবিবার রাত থেকে গতকাল সোমবার দুপুর পর্যন্ত পাঁচ কমলাপুর পুলিশ ক্যাম্প ও আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন , আলোকদিয়া আনসার ক্যাম্প এলাকার সাইদুর হোসেনের ছেলে ফাহিম রহমান আরাফাত (২১), দৌলতদিয়াড় দক্ষিণপাড়ার ফকির চাঁদের ছেলে ইয়ানুর (২৫), আলমডাঙ্গা স্টেশনপাড়া সুইপার কলোনির মৃত মনুয়ার ছেলে শ্রী কাল্লু (২৮), কুমারী গাংপাড়ার রফিকুল ইসলামের ছেলে হাসান (২০) এবং গোবিন্দপুর মিয়াপাড়ার লিটন মিয়ার ছেলে জিসান মিয়া (১৯)।
পুলিশ জানায়, পাঁচ কমলাপুর পুলিশ ক্যাম্পের এসআই ইমরান হাসান বটিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ফাহিম রহমান আরাফাত ও ইয়ানুরকে একটি চোরাই মোটরসহ গ্রেফতার করেন। অন্যদিকে এসআই আমিনুল ইসলাম আলমডাঙ্গা রেলস্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে শ্রী কাল্লুকে দুইটি টাপেন্টাডল ট্যাবলেটসহ পাকড়াও করেন। এ ছাড়া এসআই তাইজুল ইসলাম গোবিন্দপুর মাঠপাড়া এলাকায় অভিযান চালিয়ে হাসানকে দুইটি টাপেন্টাডল ট্যাবলেটসহ এবং এসএম নিয়ামুল হক গোবিন্দপুর মিয়াপাড়ায় অভিযান চালিয়ে জিসান মিয়াকে দুইটি টাপেন্টাডল ট্যাবলেটসহ ধরেন।
গ্রেফতারকৃতদের গতকাল সোমবার চুয়াডাঙ্গার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে তাদের হাজির করা হলে পৃথক ধারায় সাজা দেওয়া হয়। আদালত ফাহিম রহমান আরাফাত ও ইয়ানুরকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশত টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। এ ছাড়া শ্রী কাল্লু , হাসান ও জিসান মিয়াকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাদের মধ্যে শ্রী কাল্লুকে এক হাজার টাকা এবং হাসান ও জিসান মিয়াকে পাঁচশত টাকা করে অর্থদণ্ড করা হয়। অর্থদণ্ড অনাদায়ে প্রত্যেককে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনর্চাজ (ওসি) বানী ইসরাইল বলেন, মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
আলমডাঙ্গায় টাপেন্টাডল কারবারি ও মোটরচোরসহ গ্রেফতার ৫



