ডিঙ্গেদহ ঈদগাহ ময়দানে গার্ড অব অনার শেষে ডা. এম এ বারীর দাফন সম্পন্ন

পদ্মবিলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ ঈদগাহ ময়দানে গার্ড অব অনার শেষে ডা. এম এ বারীর দাফন সম্পন্ন হয়েছে।  মঙ্গলবার বেলা ১১টায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাঁর নিজ গ্রাম নফরকান্দিতে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
জানাজা শেষে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্রের উপস্থিতিতে মরহুমকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি চৌকস দল। এ সময় বিউগলের করুণ সুর ও আনুষ্ঠানিক সালামের মধ্য দিয়ে জাতির এই সূর্যসন্তানকে শেষ শ্রদ্ধা জানানো হয়। জানাজার নামাজে প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, আত্মীয়-স্বজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া শেষে তাঁর মরদেহ নিজ গ্রাম নফরকান্দিতে নিয়ে যাওয়া হয়। সেখানে পারিবারিক কবরস্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।