সরোজগঞ্জ প্রতিনিধি
ঢাকা সফর শেষে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মাসুদ পারভেজ রাসেল গতকাল রবিবার সকাল ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ নবীননগর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত শিশু তানিশা আক্তার (২)-এর বাড়ি পরিদর্শন করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান।
সম্প্রতি অটোরিকশার চার্জারের বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারায় শিশু তানিশা। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে সংসদ সদস্য নিহত শিশুর বাবা ও স্বজনদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং এই কঠিন সময়ে ধৈর্য ধারণের আহ্বান জানান।
এ সময় তিনি বলেন, একটি নিষ্পাপ শিশুর মৃত্যু কোনোভাবেই পূরণ হওয়ার নয়। সবাইকে বৈদ্যুতিক নিরাপত্তার বিষয়ে আরও সচেতন হতে হবে। বিশেষ করে বাড়িতে অটোরিকশার চার্জার, খোলা বৈদ্যুতিক তার কিংবা ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সংযোগ কখনোই শিশুদের নাগালের মধ্যে রাখা উচিত নয়। সামান্য অসতর্কতাও একটি পরিবারের জন্য অপূরণীয় ক্ষতির কারণ হয়ে উঠতে পারে।
তিনি আরও বলেন, বিদ্যুৎ ব্যবহারে সামান্য অসাবধানতাও বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। তাই বাড়িতে খোলা বৈদ্যুতিক তার, চার্জিং লাইন ও ঝুঁকিপূর্ণ সংযোগ নিরাপদভাবে সংরক্ষণ করুন এবং শিশুদের সব সময় নজরদারিতে রাখুন পরে সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল সরোজগঞ্জ বাজারে ব্যবসায়ীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় তিনি ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। সে সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের ইউনিট টিম সদস্য আব্দুর রউফ, চুয়াডাঙ্গা সদর থানা জামায়াতের প্রচার সম্পাদক মামুন হাওলাদার, সরোজগঞ্জ বাজার শাখার সভাপতি মাসুম বিল্লাহ হাওলাদার, মোস্তাফিজুর রহমান ফিটনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সংসদ সদস্যের এ সফরে নিহত তানিশার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং সরোজগঞ্জ বাজারের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সরোজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নিহত শিশু তানিশার পরিবারকে সমবেদনা জানালেন এমপি রাসেল



