আলমডাঙ্গায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

আলমডাঙ্গা অফিস
সারা দেশের ন্যায় আলমডাঙ্গা পৌরসভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ৯টায় আলমডাঙ্গা পৌরসভা কেন্দ্রে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহীনূর আক্তার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন। এই ক্যাম্পেইন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।
উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহীনূর আক্তার বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং অপুষ্টিজনিত জটিলতা প্রতিরোধে অত্যন্ত কার্যকর। তাই ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রতিটি শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় আনার জন্য আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। কোনো শিশু নির্ধারিত দিনে ক্যাপসুল গ্রহণ করতে না পারলে পরদিন পৌরসভায় এসে তা গ্রহণ করতে পারবে। অভিভাবকদের এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানাই।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম, স্যানিটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান রানা, টিকাদান সুপারভাইজার লিমন হোসেন, টিকাদানকারী আমিরুল ইসলাম, কসাইখানা পরিদর্শক সিরাজুল ইসলামসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
আলমডাঙ্গা পৌরসভার ৯টি ওয়ার্ডের ২৫টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৭৫০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৭ হাজার ৭২০ জনসহ মোট ৮ হাজার ৪৭০ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীরা প্রতিটি কেন্দ্রে দায়িত্ব পালন করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।