চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন ওয়াহেদুজ্জামান বুলা সভাপতি, রেজাউল করিম মুকুট সাধারণ সম্পাদক

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন ২০২৬ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সাধারণ সভা শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১২ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে এ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা এবং সাধারণ সম্পাদক হিসেবে রেজাউল করিম মুকুট নির্বাচিত হয়েছেন।
গতকাল শনিবার চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতি মিলনায়তনে এই বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার এ্যাডভোকেট শামীম রেজা ডালিম আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফল ও নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করেন। এ সময় নির্বাচন কমিশনার এ্যাডভোকেট আ.স.ম আব্দুর রউফ এবং এ্যাডভোকেট এম.এম মনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, কোনো পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন বিধি মোতাবেক সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে। ১২ সদস্যের নির্বাহী কমিটিতে সভাপতি এ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা, সহ-সভাপতি ফজলুর রহমান ও ডা. এম বি আজম, সাধারণ সম্পাদক রেজাউল করিম মুকুট, যুগ্ম-সাধারণ সম্পাদক একরামুল হক বিল্টু, কোষাধ্যক্ষ মফিজুর রহমান মনা, নির্বাহী সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা, ইকবাল আতাহার তাজ, সেলিম আহমেদ, জেনারুল ইসলাম, এ.এইচ.এম.এম কামাল তুহিন এবং আল মাসুম বাবু।
এর আগে গতকাল বেলা ১১টায় চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির এ্যাডহক কমিটির আহ্বায়ক এ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলার সভাপতিত্বে সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ্যাডহক কমিটির সদস্য মফিজুর রহমান মনার পরিচালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান এবং চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ফজলুর রহমান। সভার শুরুতেই সমিতির বিগত বছরের কার্যক্রম ও বার্ষিক রিপোর্টের ওপর বিস্তারিত আলোচনা করা হয়। উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে সমিতির সার্বিক উন্নয়ন ও চিকিৎসাসেবার মান বাড়াতে গুরুত্বপূর্ণ মতামত ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ইকবাল আতাহার তাজ, এম.এম আলাউদ্দিন এবং সিরাজুল ইসলাম মনি।
সভায় বক্তারা চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতিকে এই অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবার অন্যতম প্রধান ভরসাস্থল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। একই সাথে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে সমিতির কার্যক্রমকে আরও গতিশীল ও আধুনিক করার আহ্বান জানান।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।