স্টাফ রিপোর্টার
‘উন্নত দেশের সোপান ধরি, মাদকমুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে গত শুক্রবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে একটি শোভাযাত্রা, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভা চিত্রাংকন ও রচনা প্রতিযোতিায় বিজয়ী হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের কোট মোড় ঘুরে আবার একইস্থানে এসে শেষ হয়। পরে চুয়াডাঙ্গা ‘ডিসি সাহিত্য মঞ্চে’ এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বি.এম. তারিক-উজ-জামানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম। সভায় মাদক নির্মূলে সমন্বিত প্রচেষ্টার ওপর জোর দিয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক শরিফুজ্জামান শরীফ।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মিনহাজ উল ইসলাম, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র, পাবলিক প্রসিকিউটর মারুফ সরোয়ার বাবু, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, মাদক একটি সমাজ ও জাতিকে ধংসের মুখে ঠেলে দেয়। মাদকের এই ভয়াবহ ছোবল থেকে চুয়াডাঙ্গাকে বাঁচাতে হলে শুধু প্রশাসনের দিকে তাকিয়ে থাকলে চলবে না; বরং সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য তারা সকলের প্রতি আহ্বান জানান।
চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত



