চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলন সংগঠনের আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলন সংগঠনের আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৩টায় দৈনিক সময়ের সমিকরণ পত্রিকার কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলন কমিটির আহ্বায়ক অধ্যক্ষ হামিদুল হক মুন্সী। সভার শুরুতে মাথাভাঙ্গার নদী নতুন করে তার প্রাণ ফিরানোর জন্য বিভিন্ন কর্মসূচি পালন করাসহ নদীটির আগের রূপে নিয়ে আসার জন্য বিভিন্ন উদ্যোগ ও পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভায় সংগঠনটির আগামি দিনের কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও রাজনৈতিকসহ বিভিন্ন সংগঠনগুলোর নেতৃবৃন্দ ও প্রতিনিধিদের সাথে আগামি ৪ জুলাই শনিবার  মতবিনিময় সভার আয়োজন করা হবে।
সংগঠনটির আহ্বায়ক অধ্যক্ষ হামিদুল হক মুন্সী বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, নদী বাঁচলে আমরা বাঁচব। এটি কোনো ব্যক্তির একার লড়াই নয়, এটি চুয়াডাঙ্গার সর্বস্তরের মানুষের অস্তিত্বের লড়াই। জেলার সব সামাজিক ও সাংস্কৃতিক পেশাজীবী এবং রাজনৈতিক সংগঠনকে সাথে নিয়ে একটি সভার আয়োজন করা হবে। দলমত নির্বিশেষে আমরা সবাই একসঙ্গে আওয়াজ তুলতে চাই কথা হলো একটাই, মাথাভাঙ্গা নদী বাঁচাতে চাই।
সভায় উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য শাহ আলম সনি, হাবিবি জহির রায়হান, জামান আখতার, কামরুজ্জামান সেলিম, জিসান আহমেদ, শামসুজ্জোহা রানা, শেখ লিটন। এছাড়া উপস্থিত ছিলেন উপদেষ্টা কমিটির সদস্য নাজমুল হক স্বপন, রাজীব হাসান কচি, মানিক আকবর ও বিপুল আশরাফ। সভায় উপস্থিত সবার মতামতের ভিত্তিতে সংগঠনের আহ্বায়ক কমিটির সদস্য সচিব নির্বাচিত করা হয় হেমন্ত কুমার সিংহ রায়কে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।