আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনুর আক্তার।
জানা যায়, আলমডাঙ্গা উপজেলার বাড়াদি ইউনিয়নের অনুমোদিত সার ডিলার জোয়ার্দার ট্রেডার্সের মালিক আনিসুর রহমান রাত ৮টার দিকে পার্শ্ববর্তী গাংনী ইউনিয়নে অবৈধভাবে সার পরিবহন ও পাচারের চেষ্টা করছিলেন। এ সময় নতিডাঙ্গা বাজারের কয়েকজন কৃষক সন্দেহজনক গাড়িটি থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি সারের বিষয়টি স্বীকার করেন। পরে বিষয়টি প্রশাসনকে জানানো হলে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অভিযানে সার সংক্রান্ত বিধি লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট আইনের ২০০৬ সালের ১২(১) ও ১২(৩) ধারায় আনিসুর রহমানকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা আদায় করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ এবং উপসহকারী কৃষি কর্মকর্তা আশরাফুল ইসলাম।
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সার ব্যবসায়ী আনিসুরকে ২০ হাজার টাকা জরিমানা



