দামুড়হুদায় ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করার অপরাধে তিনটি ট্রাক্টর জব্দ, আটক ৩

দামুড়হুদা অফিস
দামুড়হুদায় ফসলি জমি থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগে তিনটি মাটি ভর্তি ট্রাক্টরসহ ৩ জনকে আটক করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ। মঙ্গলবার রাত ৩টার দিকে চুয়াডাঙ্গা-জীবননগর মহাসড়কের লোকনাথপুর এলাকায় অভিযান চালিয়ে মাটি ভর্তি ট্রাক্টরগুলো আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার ছোট দুধপাতিলা গ্রামের বাক্কা চাকলার ছেলে নাফিজ হাসান (২৫), তারানিপুর গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম (৩০) এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার দোস্ত গ্রামের মৃত আমির আলীর ছেলে রাকিব হোসেন (২৫)।
পুলিশ জানায়, আটককৃতরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, ফসলি জমি থেকে কাটা মাটি বিভিন্ন ইটভাটায় সরবরাহ করা হচ্ছিল। তারা এসব মাটি উপজেলার ব্রেস্ট ব্রিকস ও হেড ব্রিকসে নিয়ে যাওয়ার কথা জানান।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন বলেন, ভোর রাতে অভিযান চালিয়ে মাটি ভর্তি তিনটি ট্রাক্টরসহ তিনজনকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া সম্পন্ন করে আটক ব্যক্তিদের গতকাল  মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে এই অভিযান অব্যহত থাকবে বলে ও জানান তিনি।
এদিকে স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় সরবরাহ করা হচ্ছে, ফলে কৃষিজমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশেরও ক্ষতি হচ্ছে। এ ধরনের কার্যক্রম বন্ধে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।