স্টাফ রিপোর্টার
খুলনায় অনুষ্ঠিতব্য বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে আলমডাঙ্গা উপজেলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে এক স্বাগত র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় দিকে আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা আমীর ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শফিউল আলম বকুল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ ও সমাজ কল্যাণ সম্পাদক আলতাফ হোসাইন। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে অনীহা রয়েছে, কারণ এতে দুর্নীতির সুযোগ কমে যাবে। জনসেবামূলক বিভিন্ন ক্ষেত্রে অব্যবস্থাপনা ও ব্যর্থতার কারণে জনগণের ভোগান্তি বাড়ছে। বিভাগীয় সমাবেশগুলোর মাধ্যমে জনগণের স্বার্থে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
বিশেষ অতিথি ছিলেন যুব বিভাগের সভাপতি ও পৌর মেয়র প্রার্থী শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু, আলমডাঙ্গা পৌর আমীর মাহের আলী, উপজেলা নায়েবে আমীর ইউসুফ আলী মাস্টার, পৌর নায়েবে আমীর মাওলানা জুলফিকার আলী, পৌর সেক্রেটারি মুসলিম উদ্দিন, সহ-সেক্রেটারি তরিকুল ইসলাম, অফিস সম্পাদক রফিকুল ইসলাম ও বেলগাছি ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মামুন রেজা। কর্মসূচিতে বক্তারা সংগঠনকে সুসংগঠিত করার আহ্বান জানিয়ে বিভাগীয় সমাবেশ সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।
খুলনা বিভাগীয় সমাবেশ উপলক্ষে আলমডাঙ্গায় জামায়াতের স্বাগত র্যালি



