স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গা থানা বার্ষিক পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় তিনি থানা চত্বরে এসে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরিদর্শনের শুরুতেই আলমডাঙ্গা থানা পুলিশের একটি দল তাকে ওয়ান গার্ড অব অনার প্রদান করে। সালাম গ্রহণ শেষে কুচকাওয়াজ পরিদর্শন করেন তিনি।
পরে উপস্থিত পুলিশ কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় নিজেকে জনগণের সেবক হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয় নিয়ে কাজ করার আহ্বান জানান। পেশাদারিত্বের সাথে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করা, মাদকমুক্ত সমাজ বিনির্মাণ, চুয়াডাঙ্গার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে আলমডাঙ্গা থানার সকল পুলিশ সদস্যকে সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকার কঠোর নির্দেশনা প্রদান করেন। বাইরের আইন-শৃঙ্খলার পাশাপাশি থানার অভ্যন্তরীণ শৃঙ্খলা ও পুলিশ সদস্যদের কল্যাণের দিকেও বিশেষ নজর দেন পুলিশ সুপার। থানার মেসে মানসম্মত খাবার সরবরাহ নিশ্চিত করা, দাপ্তরিক কাজ সুষ্ঠুভাবে সম্পাদন, ফোর্সের ব্যারাক সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং সদস্যদের যৌক্তিক চাহিদার প্রেক্ষিতে ছুটি ছাড়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
এসময় আরোও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইলসহ থানার বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ। পরিদর্শন শেষে পুলিশ সুপার থানার বিভিন্ন দাপ্তরিক নথিপত্র এবং মালখানা ও হাজতখানা ঘুরে দেখেন।
আলমডাঙ্গা থানা বার্ষিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান



