চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে তিনি প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বি. এম. তারিক উজ জামান।
পরিদর্শনকালে জেলা প্রশাসক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষে চলমান পাঠদান কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি শিক্ষার্থীদের পাঠগ্রহণ, শ্রেণিকক্ষে অংশগ্রহণ, শিক্ষকদের পাঠদানের পদ্ধতি এবং সামগ্রিক শিক্ষার পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের পড়াশোনা, সহশিক্ষা কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও জানতে চান। তিনি বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, প্রশাসনিক ভবন, খেলার মাঠ ও অন্যান্য অবকাঠামো ঘুরে দেখেন। প্রতিষ্ঠানটির সার্বিক পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি শিক্ষা কার্যক্রমকে আরও আধুনিক, কার্যকর ও যুগোপযোগী করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনের সময় চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ মাসুদুজ্জামান জেলা প্রশাসককে প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। এ ছাড়া জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে পরিদর্শন কার্যক্রমে অংশ নেন। এক পর্যায়ে জেলা প্রশাসক শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং একটি নিরাপদ ও আনন্দময় শিক্ষার পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার আবদুল্লাহ আল শামীম, সাগর দে, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগীয় প্রধান ড. মুন্সি আবু সাইফ প্রমুখ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।