চুয়াডাঙ্গায় বিষমুক্ত ও প্রযুক্তিগত ফসল ফলানোর লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গায় জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’। ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় গতকাল বেলা ১২টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘কৃষিই সমৃদ্ধি’ স্লোগানকে সামনে রেখে এই কংগ্রেস অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, চুয়াডাঙ্গা সদর কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদরের উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুর রহমান।
সভায় জানানো হয়, সদর উপজেলায় ১২ টি পার্টনার ফিল্ড স্কুল স্থাপন করা হয়েছে। ১২টি স্কুল থেকে পিএফএস এবং নন পিএফএস সদস্য থেকে ৭০ জন কৃষককে কংগ্রেসে উপস্থিত রেখে বিষমুক্ত ও প্রযুক্তিগতভাবে ফসল ফলানোর উদ্দেশ্যে পার্টনার ফিল্ড কৃষকদের প্রশিক্ষিত করে তুলেছে। নন পিএফএস কৃষকদের উদ্ভাবিত নতুন প্রযুক্তি, কৃষি যান্ত্রিকীকরণ, খাদ্য পুষ্টি, কৃষিপণ্য মূল্য শৃংখল বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে উন্নীত করা হয়েছে। তাছাড়া বাংলাদেশের কৃষি খাতের রূপান্তর, পুষ্টির উন্নয়ন, উদ্যোক্তা তৈরি এবং গ্রামীণ অর্থনীতিতে রেজিলিয়েন্স বা সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক নয়ন কুমার রাজবংশী বলেন, চুয়াডাঙ্গায় পার্টনার স্কুল ফিল্ড স্থাপন করা হয়েছে। এতে করে কৃষকেরা আরো বেশি প্রশিক্ষিত হয়ে উঠেছে। কৃষিতে প্রযুক্তির ব্যবহার এবং কীটনাশকের ব্যবহার সম্পর্কে তারা ধারণা  পাচ্ছে। তবে সকল কৃষককে মনে রাখতে হবে জমিতে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করা যাবে না। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে চাষযোগ্য জমি দিয়ে যেতে হবে। জমি চাষযোগ্য রাখতে হলে পরিমিত হারে সার ব্যবহার করতে হবে এবং জৈব সারের ব্যবহার বৃদ্ধি করতে হবে। সেই সাথে বিষমুক্ত ফসল উৎপাদন করতে হবে। কোন ফসলে কীটনাশক প্রয়োগ করে ২৪ ঘন্টার মধ্যে সেই ফসল তোলা যাবে না। না হলে এ সকল ফসল থেকে স্বাস্থ্য ঝুঁকি থেকে যাবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম সনি, দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিপুল আশরাফ, উপসহকারী কৃষি অফিসার, প্রান্তিক পর্যায়ের কৃষক ও সাংবাদিকবৃন্দ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।