স্টাফ রিপোর্টার
দুর্নীতি মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে চুয়াডাঙ্গায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘রচনা, বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা’। চুয়াডাঙ্গা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। গতকাল মঙ্গলবার প্রতিযোগিতার দ্বিতীয় দিনে সকাল ১০টায় চুয়াডাঙ্গার এম.এ.বারি মাধ্যমিক বিদ্যালয়ে এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলার মোট ৬টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এর আগে ১৫ই জুন সোমবার রাহেলা খাতুন গার্লস একাডেমিতে রচনা প্রতিযোগিতার মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই কর্মসূচির সূচনা হয়। আজ বুধবার ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে এই আয়োজনের সমাপ্তি ঘটবে।
গতকাল এম এ বারী মাধ্যমিক বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতায় ৬টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। বিদ্যালয়গুলো হলো স্বাগতিক এম এ বারী মাধ্যমিক বিদ্যালয়, একাডেমী উচ্চ বিদ্যালয়, ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আদর্শ উচ্চ বিদ্যালয়, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও নীলমনিগঞ্জ বালিকা বিদ্যালয়। প্রথম রাউন্ডে এম এ বারী মাধ্যমিক বিদ্যালয়, আদর্শ উচ্চ বিদ্যালয় ও নীলমনিগঞ্জ বালিকা বিদ্যালয় বিজয়ী হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে আসে। এখান থেকে টসে জিতে এম এ বারী সরাসরি ফাইনালে উঠে আসে। সেমিফাইলে আদর্শ উচ্চ বিদ্যালয় ও নীলমনিগঞ্জ বালিকা বিদ্যালয় বিতর্কে অংশ নেয়। সেমিফাইনালে বিজয়ী হয়ে ফাইনালে উঠে আসে আদর্শ উচ্চ বিদ্যালয়। ফাইনালে এম এ বারী মাধ্যমিক বিদ্যালয়, আদর্শ উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
ফাইনাল রাউন্ড শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব রেবেকা সুলতানা, সহ-সভাপতি রাশিদুল ইসলাম, সদস্য বিপুল আশরাফ, মেহরাব্বিন সানভী, মইনুল হাসান রিপন, এম এ বারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আলমগীর হোসেন প্রমুখ। পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা।
এসময় বক্তারা বলেন, তরুণ প্রজন্মের মধ্যে সততা, নৈতিকতা ও দেশপ্রেম জাগ্রত করার মাধ্যমেই ভবিষ্যৎ বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করা সম্ভব। এ ধরনের সৃজনশীল প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চুয়াডাঙ্গা দুর্নীতি প্রতিরোধকল্পে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত চ্যাম্পিয়ন এম এ বারী মাধ্যমিক বিদ্যালয়



