স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় মাদকের ভয়াবহতা ও কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ওপেন হাউজ ডে উপলক্ষে মাদকবিরোধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় জেলা শহরের দৌলতদিয়াড় বাসস্ট্যান্ড এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ। সভাটি আয়োজন করে চুয়াডাঙ্গা সদর থানা।
অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদক নির্মূল করতে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সর্বদা কাজ করে যাচ্ছে। তবে মাদক পরিপূর্ণ নির্মূল করা শুধুমাত্র পুলিশের একার পক্ষে সম্ভব নয়। মাদকমুক্ত সমাজ গড়তে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।
জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ বলেন, যুবসমাজকে মাদকের কুফল সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি, শিক্ষা ও বিভিন্ন ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে নিজেদেরকে দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত রাখতে হবে।
এসময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান, জাতীয়তাবাদী শ্রমিকদলের চুয়াডাঙ্গা জেলা সভাপতি এম জেনারেল প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, পৌর জামায়াতের সেক্রেটারি মোস্তফা কামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
চুয়াডাঙ্গায় মাদকবিরোধী সমাবেশ ও মতবিনিময় সভায় পুলিশ সুপার মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান



