আলমডাঙ্গা অফিস
যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগীয় রেল ব্যবস্থাপকের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করা হয়েছে। আবেদনটি ইতোমধ্যে সংশ্লিষ্ট শাখায় পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
গত ৪ জুন ২০২৬ তারিখে দাখিল করা আবেদনপত্রে উল্লেখ করা হয়, আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন প্রতিদিন বিপুল সংখ্যক যাত্রীর যাতায়াতের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। কিন্তু রাতের বেলায় পর্যাপ্ত আলোর অভাব ও নজরদারির সীমাবদ্ধতার কারণে স্টেশনটি নিরাপত্তা ঝুঁকিতে থাকে। এছাড়া স্টেশনের বিভিন্ন স্থানে মাদকসেবীদের আনাগোনা বেড়ে যাওয়ায় যাত্রীদের নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে।
এ অবস্থায় স্থানীয় সচেতন মহল ও সাধারণ যাত্রীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী হাসিবুল হক লিপু ব্যক্তিগত উদ্যোগে স্টেশনে একটি ডিজিটাল ডিসপ্লে, প্রয়োজনীয় বৈদ্যুতিক বাতি এবং সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন।
আবেদনপত্রে তিনি জানান, ক্যামেরা স্থাপনের জন্য প্রয়োজনীয় সকল ব্যয় তিনি নিজেই বহন করবেন। তবে ক্যামেরার নিয়ন্ত্রণ, পরিচালনা, সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ ও তথ্য ব্যবস্থাপনা সম্পূর্ণভাবে রেলওয়ে কর্তৃপক্ষের অধীনেই থাকবে।
আবেদনটি পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তা ডিএসটিই ১৪ জুন ২০২৬ তারিখে নোটশিটে বিষয়টি সংশ্লিষ্ট শাখায় প্রেরণের নির্দেশ দেন।
এছাড়া এটিসিই/পিএক্সই শাখার মন্তব্যে বলা হয়েছে, সিসিটিভি ক্যামেরার নিয়ন্ত্রণ ও পরিচালনা অবশ্যই বাংলাদেশ রেলওয়ের অধীনেই থাকতে হবে এবং স্থাপনের সময় রেলওয়ের নির্ধারিত মান (কোয়ালিটি) নিশ্চিত করতে হবে।
স্থানীয়রা আশা করছেন, দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের মাধ্যমে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে। এতে যাত্রীরা নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশে সেবা গ্রহণ করতে পারবেন। একই সঙ্গে স্টেশনে অপরাধ প্রবণতা ও অনাকাঙ্ক্ষিত কার্যক্রম নিয়ন্ত্রণেও ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টদের অভিমত।
আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিলেন মেয়র প্রার্থী হাসিবুল হক লিপু



