দর্শনা অফিস
দর্শনা সীমান্ত দিয়ে ১১ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশইন) চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। গতকাল রবিবার ভোর ৪ টার দিকে দর্শনার জয়নগর সীমান্তের ৭৬/৭৭ নম্বর পিলার দিয়ে ১১ জন নারী-পুরুষকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। বিজিবির টহল দল তাৎক্ষণিকভাবে বাধা দিলে বিএসএফ তাদের সীমান্তের ভারতীয় অংশে ফিরিয়ে নিয়ে যায় ওই নারী -পুরুষের। পুশইনের চেষ্টা করা ১১ জনের মধ্যে ৮ জন পুরুষ ও ৩ জন নারী ছিলেন।
চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান জানান, সীমান্তে পুশইন ও অন্যান্য অবৈধ তৎপরতা প্রতিরোধে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের কয়েকজন জানান, গতকাল রবিবার মধ্যরাতে বিএসএফ ১১ জন নারী -পুরুষকে বাংলাদেশ অভ্যন্তরে ঠেলে দেন। এদের মধ্যে ৩ জন জয়নগর গ্রামে একটি বাড়িতে ঢুকে রাস্তা দেখানোর জন্য বলে। ওই বাড়ির সদস্যরা তখন বিশ্বকাপ ফুটবল খেলা দেখছিল। রাস্তা দেখানোর কথা বলায় বাড়ির লোকজনের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায় তাদের মোট ১২ জনকে বিএসএফ বাংলাদেশে জোর করে ঠেলে দিয়েছে। এরপর গ্রামের লোকজন বিজিবিকে জানালে বিজিবি ১১ জনকে ভারত সীমান্তে পাঠিয়ে দেয়। তবে ১২ জনের মধ্যে ১ জনের কোন সন্ধান পাওয়া যায় নি।
অপরদিকে গতকাল শনিবার সন্ধ্যার দিকে একই সীমান্তের ৭৬ নম্বর পিলার এলাকা থেকে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ। তাকে এখনও ফেরত দেয়া হয়নি ।
দর্শনার জয়নগর সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা গ্রামবাসীর সহায়তায় বিজিবির বাধা, ব্যর্থ বিএসএফ



