বিশ্ব ফ্যাটি লিভার দিবস, সচেতনতাই প্রতিরোধের প্রথম ধাপ

প্রতিবছর জুন মাসের দ্বিতীয় বৃহস্পতিবার বিশ্ব ফ্যাটি লিভার দিবস পালিত হয়। এ দিবসের মূল উদ্দেশ্য হলো ফ্যাটি লিভার নামক নীরব কিন্তু ক্রমবর্ধমান জনস্বাস্থ্য সমস্যার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা। আজকের এই দিবস আমাদের রোগটির কারণ, ঝুঁকি, পরিণতি এবং প্রতিরোধে ব্যক্তি ও সমাজের করণীয় নিয়ে নতুন করে ভাবার সুযোগ করে দেয়।

ফ্যাটি লিভার এমন একটি অবস্থা, যখন লিভারের কোষে স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত চর্বি জমা হয়। প্রাথমিক পর্যায়ে রোগটির তেমন কোনো লক্ষণ দেখা যায় না। ফলে অধিকাংশ মানুষ বিষয়টি বুঝতেই পারেন না। কিন্তু দীর্ঘদিন অবহেলিত থাকলে এটি লিভারের প্রদাহ, সিরোসিস, এমনকি লিভার ক্যানসারের ঝুঁকিও তৈরি করতে পারে। এ কারণেই চিকিৎসকরা একে “নীরব ঘাতক” বলে অভিহিত করেন।

বর্তমান প্রজন্মের দিকে খেয়াল করলে দেখা যায়, অনেকেই স্ট্রিট ফুড থেকে শুরু করে বিভিন্ন ধরনের জাঙ্ক ফুডের প্রতি আসক্ত হয়ে পড়ছে। অথচ ফ্যাটি লিভারের অন্যতম প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও অস্বাস্থ্যকর জীবনযাপন।

তথ্য অনুযায়ী, বাংলাদেশসহ বিশ্বব্যাপী ফ্যাটি লিভারে আক্রান্ত মানুষের সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। অতিরিক্ত তেল-চর্বিযুক্ত খাবার গ্রহণ, কোমল পানীয় ও ফাস্টফুডের প্রতি ঝোঁক, শারীরিক পরিশ্রমের অভাব, স্থূলতা, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ এ রোগের প্রধান ঝুঁকির কারণ। অনেক সময় মানুষ ক্লান্তি, হজমের সমস্যা, পেটের মেদ বৃদ্ধি কিংবা কর্মক্ষমতা হ্রাসকে সাধারণ সমস্যা মনে করে উপেক্ষা করেন। অথচ এসবই ফ্যাটি লিভারের প্রাথমিক সতর্ক সংকেত হতে পারে।

ফ্যাটি লিভারের প্রভাব শুধু শারীরিক নয়; এটি পরিবার, কর্মক্ষেত্র ও সামাজিক জীবনেও নেতিবাচক প্রভাব ফেলে। দীর্ঘমেয়াদি অসুস্থতা মানুষের মানসিক চাপ বৃদ্ধি করে, কর্মক্ষমতা কমিয়ে দেয় এবং স্বাস্থ্যব্যয়ের বোঝা বাড়ায়। ফলে এটি ধীরে ধীরে একটি সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জে পরিণত হচ্ছে।

এ পরিস্থিতিতে প্রয়োজন সমাজভিত্তিক প্রতিরোধমূলক উদ্যোগ। স্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, গণমাধ্যম এবং জনপ্রতিনিধিদের সমন্বয়ে স্বাস্থ্যসচেতনতা কার্যক্রম আরও জোরদার করতে হবে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা, হাঁটা ও শরীরচর্চাভিত্তিক কমিউনিটি কর্মসূচি এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে জনসচেতনতামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিশ্ব ফ্যাটি লিভার দিবস আমাদের স্মরণ করিয়ে দেয়—প্রতিরোধই সবচেয়ে কার্যকর চিকিৎসা। সচেতন জীবনযাপন, সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম এবং সামাজিক উদ্যোগের সমন্বয়ের মাধ্যমেই ফ্যাটি লিভারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। আসুন, আজকের এই দিনে আমরা নিজেদের সুস্থতার পাশাপাশি পরিবার ও সমাজকে সচেতন করার অঙ্গীকার করি। কারণ, সুস্থ লিভারই সুস্থ জীবনের অন্যতম ভিত্তি।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।