চুয়াডাঙ্গায় তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মিথ্যা খবর সত্য খবরের তুলনায় প্রায় ৬ গুণ দ্রুত ছড়াতে পারে

স্টাফ রিপোর্টার
তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং শীর্ষক চুয়াডাঙ্গায় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১ টায় চুয়াডাঙ্গা ইসলামি ফাউন্ডেশন সন্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক লুৎফুন নাহার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনারের উদ্বোধন করেন। খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং বিষয়ক মূল প্রবদ্ধ উপস্থাপন করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসের মেহেদী হাসান। প্রবন্ধে বলা হয়, প্রযুক্তি হাতের মুঠোয় চলে আসায় মানুষ প্রচলিত গণমাধ্যমের অপেক্ষায় থাকছে না। ইন্টারনেট ভিত্তিক মাধ্যমগুলোয় ভীড় করছেন। বিশ্বে ৫শ কোটির বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করে। আর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীর সংখ্যা ৪শ কোটি। গবেষণায় দেখা গেছে মিথ্যা খবর সত্য খবরের তুলনায় প্রায় ৬ গুণ দ্রুত ছড়াতে পারে। ২০১৭ সালে দেশে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান কার্যক্রম শুরু করে।
উপপ্রধান তথ্য কর্মকর্তা বলেন, প্রথাগত যে সাংবাদিকতা তার বাইরে এসে আমাদের টেকনিক্যাল ও জ্ঞানের সম্ভারটা বৃদ্ধি করার দরকার। সেটা উপলব্ধি করার জন্য সরকার এ ধরনের সভা সেমিনারের আয়োজন করছে। আমরাও আপনাদের পেশাগত মান উন্নয়নের জন্য সেমিনার যাতে কাজে লাগে সেভাবেই বিষয়বস্তু সাজিয়ে উপস্থাপন করছি। এখানে উপস্থাপিত সকল বিষয় যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই আপনাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি পাবে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, আমরা সবকিছুতেই কোয়ালিফিকেশন চাই। শিক্ষার ক্ষেত্রেও আমরা বলি কোয়ালিটি এডমিশন চাই। একই রকমভাবে সাংবাদিক ভাইদেরও  কোয়ালিটির সংবাদ পরিবেশন করা প্রয়োজন। আমার মনে হয় এই বিষয়টিও আমাদের মনোযোগী হতে হবে। সাগরের ঢেউও হয়তো গোনা যাবে, কিন্তু এই তথ্য আর গোনা যাবে না। এরকম তথ্য ভান্ডারের যুগে আমরা বসবাস করছি। এই ব্যাপক তথ্য ভান্ডার এর মধ্যে কোন তথ্যটি সঠিক আর কোন তথ্যটি সঠিক নয় আপাতদৃষ্টিতে সাধারণ চোখ দিয়ে খুব সহজে একটা পাঠকের পক্ষে বিবেচনা করা সম্ভব নয়। এক্ষেত্রে ফ্যাক্ট চেকিং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি আরো বলেন, যে সকল সাংবাদিক ভাইয়েরা উপস্থিত আছেন আপনাদের সকলের কাছে অনুরোধ আপনারা যে সংবাদটি প্রকাশ করবেন অবশ্যই তার গভীরে প্রবেশ করবেন। সংবাদের সত্যতা যাচাই করে তারপরে নিউজটি প্রকাশ করবেন। এটা করলে আপনার প্রতি একটি বিশ্বাসযোগ্যতা তৈরি হবে। সংবাদপত্রের জগতে  বিশ্বাসযোগ্যতা একটি বিরাট ইস্যু। আপনি যে পত্রিকায় কাজ করছেন, আপনি যে টিভিতে কাজ করছেন, সেটি যদি সব সময় সত্যের পথে অবিচল থাকে। তাহলে আমার মনে হয় আপনার প্রতি বিশ্বস্ততা তৈরি হবে এবং আপনার প্রতি জনমানুষের ভালোবাসাও তৈরি হবে। আমরা যাতে সব সময় সত্যের পথে থাকি এবং আমাদের কোন ঘটনাই যাতে ফ্যাক্ট চেকিং করতে না হয়। আমরা যদি সত্য ঘটনায় লিখি তাহলে কেন আমাদের ফ্যাক্ট চেকিং করা লাগবে? আপনাদের প্রতি অনুরোধ আপনারা সকলেই সত্য নিউজ প্রকাশ করবেন।
সহকারী তথ্য অফিসার রমজান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডল, প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, জেলা প্রেসক্লাবের সভাপতি মানিক আকবরসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।