আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামের ব্রেন স্ট্রোকে আক্রান্ত শহিদুলের অসহায় জীবন সংগ্রামের সংবাদ প্রকাশের পর মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছেন আলমডাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনুর আক্তার। তিনি শহিদুলের পরিবারের খোঁজ নিয়ে চাল, শুকনা খাবার ও আর্থিক অনুদান প্রদান করেন। ঈদকে সামনে রেখে বাংলাদেশ মানবাধিকার কমিশন আলমডাঙ্গা শাখার ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমে শহিদুলের হৃদয়বিদারক জীবনকাহিনি উঠে আসে। পরবর্তীতে গত ৪ জুন স্থানীয় দৈনিক পত্রিকায় বিষয়টি প্রকাশিত হলে তা জনমনে ব্যাপক সাড়া ফেলে।
জানা যায়, শহিদুল ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। হঠাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে কর্মক্ষমতা হারানোর পর তার পরিবার চরম আর্থিক সংকটে পড়ে। চিকিৎসা ব্যয় বহন করা তো দূরের কথা, নিত্যদিনের খাবার জোগাড় করাও কঠিন হয়ে পড়ে। একটি ছোট চালাঘরে অরক্ষিত অবস্থায় বসবাস করা পরিবারটির দিন কাটছে অনিশ্চয়তার মধ্যে।
বিশেষ করে অসুস্থ বাবার শয্যার পাশে তিন বছরের কন্যা সন্তানের অবস্থান এবং মাত্র ১০ বছর বয়সী ছেলের অসহায়ত্বের চিত্র স্থানীয় মানুষের হৃদয় স্পর্শ করে। সংবাদ প্রকাশের পর বিভিন্ন মহলে সহানুভূতি সৃষ্টি হয় এবং বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে।
মানবিক সহায়তা পেয়ে শহিদুলের স্ত্রী আবেগঘন কণ্ঠে বলেন, আমরা ভেবেছিলাম আমাদের কষ্ট কেউ দেখবে না। কিন্তু সংবাদ প্রকাশের পর ইউএনও স্যার আমাদের খোঁজ নিয়েছেন এবং সাহায্য করেছেন। আমরা তার প্রতি কৃতজ্ঞ।
স্থানীয়দের মতে, সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিরা এগিয়ে এলে শহিদুলের চিকিৎসা এবং পরিবারের ভবিষ্যৎ সুরক্ষায় আরও কার্যকর সহায়তা নিশ্চিত করা সম্ভব হবে। ইউএনওর এই উদ্যোগ পরিবারটির মাঝে নতুন আশার সঞ্চার করেছে।
সংবাদ প্রকাশের পর অসহায় শহিদুলের পাশে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনুর আক্তার



