তিতুদহ প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের ৬২নং আড়িয়া এলাকায় দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনে ৫০০ ফুট ফ্ল্যাট সলিং রাস্তার উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন (টিআর) প্রকল্পের আওতায় নির্মিত এ রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
৬২নং আড়িয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন প্রধান সড়ক থেকে মাদ্রাসার মাঠ পর্যন্ত নির্মিত এ রাস্তার উদ্বোধনের মধ্য দিয়ে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের একটি প্রত্যাশা পূরণ হয়েছে। এলাকাবাসীর মতে, নতুন রাস্তা নির্মিত হওয়ায় শিক্ষার্থী, মুসল্লি এবং সাধারণ মানুষের চলাচল অনেক সহজ হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা থানা জামায়াতে ইসলামীর আমির ও গড়াইটুপি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও থানা কর্মপরিষদের সদস্য আমিনুল ইসলাম মাস্টার, তিতুদহ ইউনিয়ন জামায়াতের আমির ও চেয়ারম্যান পদপ্রার্থী রাফিজ উদ্দিন মাস্টার এবং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাহাবুব হাসান।
এ সময় আরও উপস্থিত ছিলেন তিতুদহ ইউনিয়ন জামায়াতের বায়তুলমাল সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আব্দুর রাজ্জাক, ৬২নং আড়িয়া দাখিল মাদ্রাসার সুপার ছানুয়ার হোসেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি তৌহিদুল ইসলাম, তিতুদহ ইউনিয়নের জনশক্তি সদস্য ও ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী আলমগীর হোসেন এবং ৩ নম্বর ওয়ার্ড সভাপতি গোলাম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন এলাকার সার্বিক উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। এ ধরনের উন্নয়নমূলক কাজ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি শিক্ষা, সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব ফেলবে।
স্থানীয়রা জানান, বর্ষাকালে এ সড়ক দিয়ে চলাচলে নানা ভোগান্তি পোহাতে হতো। নতুন ফ্ল্যাট সলিং রাস্তা নির্মাণের ফলে সেই দুর্ভোগ অনেকাংশে দূর হবে বলে তারা আশা করছেন।
৬২নং আড়িয়ায় ৫০০ ফুট ফ্ল্যাট সলিং রাস্তার উদ্বোধন



