স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর উপজেলার দীননাথপুরে কমলা দোয়ায় অবৈধভাবে সার প্রয়োগ, কৃত্রিম সেচ প্রয়োগ ও বিভিন্ন অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছে দীননাথপুর, গাইদঘাট ও চাঁদপুর গ্রামের সচেতন নাগরিক সমাজ। গতকাল মঙ্গলবার বিকাল ৫ টায় উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের দীননাথপুর কমলা দোয়ার পাড়ে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে কৃষক ও এলাকাবাসীরা অংশগ্রহণ করে।
মানববন্ধনে অংশগ্রহণকারী কৃষক আফান মিয়া বলেন, আমরা সাধারণ চাষী, সারাদিন সিরিয়ালে দাঁড়িয়ে থেকে সার পাইনা। যদিও পাই সেটা আমাদের জন্য পর্যাপ্ত নয়। অথচ দোয়া মালিকরা একসাথে ১৫০ বস্তা সার বাওড় এর মধ্যে ফেলে দিচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কমলা দোয়ায় ক্ষতিগ্রস্ত মনা মিয়া বলেন, আমাদের বাড়ি দোয়ার পাশে। আগে কখনো আমাদের জায়গা, ঘর-বাড়ি ভেঙে পানিতে পড়েনি। কিন্তু বর্তমানে এরা দোয়ায় কৃত্রিম সেচ প্রয়োগ করার ফলে আমাদের ঘর বাড়িসহ রাস্তা ঘাট ভেঙে পানিতে ডুবে যাচ্ছে। আমরা এর বিচার চাই।
মানববন্ধনে চুয়াডাঙ্গা সরকারী কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক মির্জা আজিজ বলেন, গতপরশু দিন কমলা দোয়া কর্তৃপক্ষ মৎস অধিদপ্তরের অনুমতি না নিয়ে ১৫০ বস্তার ওপরে সার কমলা দোয়ায় প্রয়োগ করে। এতে করে কমলা দোয়ার পানি দুষিত হয়ে পড়েছে। এলাকায় থাকা কঠিন বিপদজনক হয়ে পড়েছে। আমরা এর প্রতিকার চাই। অ্যাডভোকেট ইমদাদুল হক জুয়েল বলেন গতদিনে ইউএনও মহোদয় এখানে এসেছেন, তিনি ৩২ বস্তা সার জব্দ করেছেন। আমরা তাকে সাধুবাদ জানাই। কিন্তু তিনি মালিক পক্ষকে কোনো প্রকার আইনের আওতায় না এনে সার বিক্রি করে তার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এতে আমরা খুবই মর্মাহত। যদি খুব দ্রুত এর সঠিক বিচার না করা হয় তবে আমরা পরবর্তীতে আরো কঠোর আন্দোলন করবো।
শ্রমিকদল নেতা লিটন মিয়া বলেন, আমরা আইনের প্রতি সম্মান জানিয়ে আজকে এখানে মানববন্ধন করছি। যদি আমাদের দাবি না মানা হয় তাহলে আমরা আরো কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবো। আমরা ৩ গ্রামের লোকজন মিলে আরো কঠোর আন্দোলন গড়ে তুলবো। মানববন্ধনে আরোও বক্তব্য রাখেন জিনারুল ইসলাম সুমন, বখতিয়ার উদ্দিন, হাবিল মিয়া, অ্যাডভোকেট বেলাল হুসাইন প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, হেলাল উদ্দিন, আব্দুল জব্বার, আশরাফুল ইসলাম, আনোয়ার হোসেন, সাব্বির আহমেদ ফয়েজ, বেলাল হুসাইন, মিলন, সাজু আহমেদ, আবির হাসান, রুবেল আহমেদ, শামিম, ইকতিয়ার উদ্দিন, সাকিব আহমেদ, রিপন আহমেদ, নুর করিম, রায়হান উদ্দিন, মুন্না খান, হাসান আহমেদ, আরিফ আহমেদ, সোহেল মাহমুদ, আকবার আলীসহ স্থানীয় কৃষক ও এলাকাবাসী।
দীননাথপুরে কমলা দোয়ায় অবৈধ সার ও কৃত্রিম সেচ প্রয়োগ বন্ধের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন সঠিক বিচার করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী



