জীবননগর অফিস
টানা কয়েকদিন ধরে চুয়াডাঙ্গা জেলায় চলছে দাবদাহ। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বাতাসে জলীয় বাষ্পের আধিক্য আর সূর্যের প্রখর উত্তাপে ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ। এই অসহ্য গরম থেকে একটু স্বস্তি পেতে এবং শরীরের ক্লান্তি দূর করতে কর্মজীবী মানুষ, সাধারণ পথচারীসহ সকল শ্রেণির মানুষের প্রধান ভরসা হয়ে উঠেছে লেবু, পানি, লবণ, চিনি ও বরফ কুচির মিশ্রণে তৈরি ঠান্ডা শরবত।
জীবননগর শহরের বিভিন্ন মোড়, বাসস্ট্যান্ড, ফুটপাত এমনকি গ্রামিণ সড়কের পাশেও এখন দেখা মিলছে লেবু শরবতের ভ্রাম্যমাণ দোকানের। পাখিভ্যান চালক, ইজিবাইক চালক, মটরগাড়ি চালক, দিনমজুর থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই একটু জিরিয়ে নিতে ভিড় করছেন এসব শরবতের দোকানে। কাচের গ্লাসে এক টুকরো বরফ কুচি, লেবুর রস, সামান্য লবণ আর চিনির এই চিরচেনা মিশ্রণটি যেন এই মুহূর্তে সবচেয়ে বড় সঞ্জীবনী সুধা।
জীবননগর পৌরসভার শেষ প্রান্তে জীবননগর-কালিগঞ্জ সড়কের বাঁকা কানাপুকুর পাড়ে শরবতের দোকান পেতে বসেছে বাঁকা গ্রামের এক যুবক নাম তার রাকির। তিন বছর ধরে রাকিব শরবত বিক্রি করছে। শরবতে উপকরণ হিসেবে ব্যবহার করা হয়, পান, বরফ কুচি, লবণ, বিট লবণ, চিনি, তোকমাদানা। প্রতি গ্লাস শরবত বিক্রি করা হয় ১০ টাকা করে। প্রতিদিন ২০০ থেকে ২৫০ গ্লাস শরবত বিক্রি হয় বলে তিনি এ প্রতিবেদকের নিকট জানান। কোন শ্রেণির মানুষ শরবত বেশি খেতে আসে জানতে চাইলে তিনি জানান, যারা দৈহিক পরিশ্রম করে, যারা রোদে কাজ করে, পাখি ভ্যান চালক, মটরগাড়ির ড্রাইভার এনারা বেশি খেতে আসে। ট্রাক চালক ফারুক হোসেন শরবতের দোকানের সামনে এসে গাড়ি থামিয়ে হেলফারসহ দুজনই লেবু শরবত পান করেন। ফারুক হোসেন বলেন, এই গরমে লেবু শরবত খেলে শরীরে স্বস্তি পাই। সে জন্য লেবু শরবত খেয়ে থাকি। শরবত খেতে আসা মহেশপুর উপজেলার সলেমানপুর গ্রামের সাজেদুর রহমান বলেন, লেবু শরবত খেলে শরীর থেকে ক্লান্তি চলে যায় তাই এ শরবত খাই।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রাশেদুজ্জামান বলেন, তীব্র গরমে শরীর থেকে প্রচুর পরিমাণে পানি ও খনিজ লবণ ঘাম হয়ে বের হয়ে যায়। এর ফলে ডিহাইড্রেশন বা পানিশূন্যতা এবং হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ে। এই অবস্থায় কেবল সাধারণ পানি পানের চেয়ে পানি, লবণ ও চিনির এই মিশ্রণটি শরীরে দ্রুত ইলেকট্রোলাইটের ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করে। লেবুতে থাকা ভিটামিন সি শরীরের ক্লান্তি দূর করতে দারুণ কার্যকর। তবে যাদের ডায়াবেটিস আছে তাদের শরবতে উপকরণ হিসেবে চিনি মিশ্রণ না দেওয়া উত্তম। রাস্তার খোলা জায়গার শরবত পানের ক্ষেত্রে পানি এবং বরফ কতটুকুু বিশুদ্ধ, সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
তীব্র গরমে স্বস্তি পেতে জীবননগরে লেবু চিনির শরবতের দোকানে বেড়েছে ভিড়



