আন্তর্জাতিক নার্সেস ডে ও কোর্স সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

রাজশাহী প্রতিনিধি:
আন্তর্জাতিক নার্সেস ডে ও কোর্স সমাপনী উপলক্ষে রাজশাহীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মমতা নার্সিং ইনস্টিটিউট-এ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আলোচনা সভা, বিদায়ী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কলেজ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, চিকিৎসক ও সুধীজনের প্রাণবন্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি ক্যাম্পাস ও আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। পরে কলেজ হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মমতা নার্সিং ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক কৃষিবিদ মনিরুজ্জামান বাবুল। স্বাগত বক্তব্যে তিনি বলেন,
“নার্সিং এমন একটি মহান পেশা, যেখানে মানবিকতা, দায়িত্ববোধ ও সেবার আদর্শ একসঙ্গে বিকশিত হয়। দক্ষ, আদর্শবান ও মানবিক নার্স গড়ে তোলার মাধ্যমে দেশ ও মানুষের সেবায় অবদান রাখাই আমাদের লক্ষ্য।”

অনুষ্ঠানে বক্তব্য উপস্থাপন করেন বিশিষ্ট প্রবীণ চিকিৎসক ডাঃ ডিএম জহুরুল ইসলাম। তাঁকে অনুষ্ঠানে
“প্রজ্ঞা, মানবিকতা ও অভিভাবকসুলভ নেতৃত্বের অনন্য গৌরব” হিসেবে সম্মাননা জানানো হয়। বক্তব্যে তিনি বলেন,
“একজন নার্স কেবল চিকিৎসাসেবার সহায়ক নন, বরং রোগীর মানসিক সাহস, আস্থা ও মানবিক আশ্রয়ের প্রতীক।”

প্রধান অতিথির বক্তব্যে সাবেক অনারারি কনসাল, ইউনাইটেড রিপাবলিক অব তানজানিয়ার ড. প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন,
“বিশ্বজুড়ে মানবিক ও দায়িত্বশীল পেশাগুলোর মধ্যে নার্সিং অন্যতম। আধুনিক বিশ্বে এটি একটি অত্যন্ত সম্মানজনক ও মর্যাদাপূর্ণ পেশা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দক্ষ নার্সদের আন্তর্জাতিক ক্ষেত্রেও ব্যাপক চাহিদা রয়েছে।”

এসময় আরও বক্তব্য দেন রাজশাহী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ড. আশরাফুল ইসলাম এবং মমতা নার্সিং ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক শবনম মুস্তারী মমি। বক্তারা নার্সিং শিক্ষার মানোন্নয়ন, মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

আন্তর্জাতিক নার্সেস ডে ও বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে ইংরেজিতে বক্তব্য দেন ৮ম ব্যাচের শিক্ষার্থী ফাতেমা ও হালিমা। তারা নার্সিং পেশার মানবিক মূল্যবোধ, আন্তর্জাতিক কর্মক্ষেত্রে সম্ভাবনা এবং সেবার আদর্শ নিয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য উপস্থাপন করেন।

বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী মিথুন ও শাকিলা। তারা প্রতিষ্ঠানের শিক্ষক ও পরিচালনা পর্ষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতে দক্ষ ও মানবিক নার্স হিসেবে দেশ ও মানুষের সেবায় আত্মনিয়োগের প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষাংশে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন। তৃষা সংগীতার নেতৃত্বে পরিবেশিত দলীয় সংগীত দর্শকদের মুগ্ধ করে। এছাড়া একক নৃত্য পরিবেশন করেন লুবনা এবং দ্বৈত নৃত্যে অংশ নেন সিমলা ও লুবনা। বিভিন্ন পরিবেশনায় আরও অংশগ্রহণ করেন শাকিলা, মিথুন, বাপ্পি, সিয়াম, পিয়াস ও কাওছারসহ অন্যান্য শিক্ষার্থীরা।

দিনব্যাপী এ আয়োজনে অতিথি ও গুণীজনদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানের ৬ষ্ঠ ব্যাচের বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।