দর্শনা-মুজিবনগর সড়কে কড়ুইগাছ মরে মরণফাঁদে পরিণত, অপসরণের দাবি স্থানীয়দের

আটকবর প্রতিনিধি


দর্শনা-মুজিবনগর সড়ক পরিবেশবান্ধব করার লক্ষ্যে দুই পাশ দিয়ে লাগানো হয়েছে বিভিন্ন প্রজাতির গাছ। তবে দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি খেলার মাঠের অদুরে সড়কের পাশে একটি বড় আকৃতির মরা কড়ই গাছ এখন যেন মরণফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন এই সড়ক দিয়ে হাজার হাজার ছোট-বড় যানবাহন, মোটরসাইকেল, ভ্যান, ইজিবাইক, ট্রাকসহ অসংখ্য পথচারী চলাচল করছেন। যে কোন সময় গাছটি ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গাছটি সম্পূর্ণ শুকিয়ে মরে দাঁড়িয়ে রয়েছে। গাছটির বড় বড় ডালপালা অনেক আগেই শুকিয়ে গেছে এবং সামান্য ঝড়-বৃষ্টি বা বাতাসেই ডাল ভেঙে নিচে পড়ে যাচ্ছে। এতে প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে রয়েছেন সড়ক ব্যবহারকারীরা। বিশেষ করে রাতের বেলায় ঝুঁকি আরও কয়েকগুণ বেড়ে যায়।
এলাকাবাসী জানান, গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগীবাহী অ্যাম্বুলেন্স, ব্যবসায়ীদের পণ্যবাহী যানবাহনসহ হাজারো মানুষ চলাচল করেন। কিন্তু ব্যস্ততম সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বিশাল মরা কড়ই গাছটি এখন মৃত্যুঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। যে কোনো সময় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে।
গতকাল শনিবার দুপুরে শহিদুল ইসলাম সহ একাধিক পথচারীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, গাছটি দীর্ঘদিন ধরে মরে আছে। সবাই দেখছে, কিন্তু অপসারণের কোনো উদ্যোগ নেই। দুর্ঘটনা ঘটার পর প্রশাসনের টনক নড়লে তখন আর কিছু করার থাকবে না। স্থানীয় সচেতন মহল দ্রুত গাছটি অপসারণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, বড় ধরনের দুর্ঘটনা এড়াতে অবিলম্বে মরা গাছটি কেটে, সড়কটি নিরাপদ করা হোক।
দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মোঃ উবায়দুর রহমান সাহেল বলেন, সড়কের পাশে যত গাছ আছে সব জেলা পরিষদের অধীনে। তবে এ বিষয়টি দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।