চুয়াডাঙ্গায় শিক্ষার মান উন্নয়নে মাধ্যমিক পর্যায়ে ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময় সভা অ্যাডহক কমিটি গঠনের তাগিদ

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় শিক্ষার মান উন্নয়নে মাধ্যমিক পর্যায়ে ৪৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১ টায় সদর উপজেলা পরিষদের কনফারেন্সে রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার অনুষ্ঠানটি আয়োজন করে।
  চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপারভাইজার সোহেল আহমেদ সঞ্চালনায় সভায় ভারপ্রাপ্ত সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিকাইল হোসেন, বদরগঞ্জ বাকিবিল্লাহ কামিল মাদরাসার অধ্যক্ষ ড. রুহুল আমিন, এমএ বারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, তিতুদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান ও ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা বক্তব্য রাখেন।
সভায় চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র মাধ্যমিক  পর্যায়ের ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও ৯ টি মাদরাসার প্রধানগণের সাথে পরিচিতি সভায় উপস্থিত হয়ে মতবিনিময় করেন।  
সভায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মান উন্নয়নে করণীয় বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে অ্যাডহক কমিটি নেই। সে কারণে সদর উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র সকল শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব একাই পালন করছেন। প্রতিষ্ঠানের সকল বিল-ভাউচার স্বাক্ষরসহ অন্যান্য কাজ পরিচালনা করছেন। চলতি মাসের মধ্যে নতুন অ্যাডহক কমিটি গঠনের যশোর বোর্ডের বাধ্যবাধকতা আছে। সেটি জানানো হয়। বিধি মোতাবেক অ্যাডহক কমিটি গঠন হবে। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার বলেন, তার কার্যালয়ে কেউ হয়রানির শিকার  হবে না।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।