গাংনীতে নাটকীয় অসুস্থতায় মাদক ব্যবসায়ীকে ছেড়ে দিয়ে স্ত্রীকে গ্রেফতার করলো পুলিশ

মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনী উপজেলায় অভিযুক্ত এক মাদক ব্যবসায়ীকে ছেড়ে দিয়ে তার স্ত্রীকে ইয়াবাসহ গ্রেফতার করার ঘটনায় এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। গত রবিবার রাতে উপজেলার বেতবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশের একটি দল অভিযানে গিয়ে নাসরিন আক্তার (প্রথম স্ত্রী) নামের এক নারীকে ১২৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে নগদ ১ লাখ ২০ হাজার ৭৬৬ টাকা উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার (৪ মে) দুপুরে তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতার নাসরিন আক্তার বেতবাড়ীয়া গ্রামের অভিযুক্ত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেনের প্রথম স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় পুলিশ জাহাঙ্গীর হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে ইয়াবা বিক্রির সময় আটক করে। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পুলিশ সদস্যরা তাকে অক্সিজেন সাপোর্ট দেন। এসময় জাহাঙ্গীরের দ্বিতীয় স্ত্রীকে গ্রেফতারের প্রস্তাব দিলে তিনি তা প্রত্যাখ্যান করেন। পরবর্তীতে পুলিশ প্রথম স্ত্রী নাসরিন আক্তারকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
স্থানীয়দের দাবি, অভিযানের পরপরই জাহাঙ্গীর হোসেন স্বাভাবিক হয়ে ওঠেন এবং সোমবার তাকে এলাকায় মোটরসাইকেলে ঘোরাফেরা করতে দেখা গেছে। এতে প্রশ্ন উঠেছে—প্রকৃত অভিযুক্তকে ছেড়ে দিয়ে তার স্ত্রীকে গ্রেফতার করা কতটা আইনসম্মত।
এ ঘটনায় এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অনেকেই বলছেন, কোনো আসামি অসুস্থ হলে তাকে পুলিশ হেফাজতে চিকিৎসা দিয়ে সুস্থ হওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু এ ক্ষেত্রে তা অনুসরণ করা হয়নি।
অভিযান বিষয়ে জানতে গাংনী থানার এসআই শিমুল মালিথার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম বলেন, “স্বামী-স্ত্রী দুজনই মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকতে পারেন। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।