জীবননগরে সাড়ে ৮ কোটি টাকার ব্রিজ ও সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি রুহুল আমিন

দর্শনা অফিস
জীবননগর উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নাধীন ৮ কোটি ৩৫ লাখ ৫৩ হাজার ৫৩৭ টাকা ব্যয়ে একটি ব্রীজ ও তিনটি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর মোঃ রুহুল আমিন। গতকাল সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে ফলক উন্মোচনের মাধ্যমে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে এমপি রুহুল আমিন বলেন, দীর্ঘদিন ধরে এসব সড়ক ও ব্রীজ চলাচলের অনুপযোগী থাকায় স্থানীয় মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছিল। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে মানুষের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে।
জীবননগর উপজেলা এলজিইডির প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম জানান, প্রকল্পের আওতায় ৪ কোটি ৮১ লাখ ৫১ হাজার ৭০ টাকা ব্যয়ে ৩১.৬০ মিটার দৈর্ঘ্যের বালিহুদা জোড়া ব্রীজ, ১ কোটি ৪৮ লাখ ২৯ হাজার ৭৭১ টাকা ব্যয়ে ২ হাজার ৭৫০ মিটার মিনহাজপুরহাট-বৈদ্যনাথপুর সড়ক, ১ কোটি ৩৮ লাখ ৯৭ হাজার ৫৮৮ টাকা ব্যয়ে ১ হাজার ৯৯০ মিটার রায়পুরবাজার-সাফদারপুর সড়ক এবং ৬৬ লাখ ৭৫ হাজার ১০৮ টাকা ব্যয়ে ৩ হাজার ৬০০ মিটার খয়েরহুদাহাট-পিয়ারাতলা আরএন্ডএইচ সড়ক উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে ব্রীজের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে এবং অন্যান্য কাজ চলমান রয়েছে। উদ্বোধনকালে প্রধান অতিথি সংশ্লিষ্টদের কাজের মান বজায় রাখার বিষয়ে কঠোর নির্দেশনা দেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আব্দুল কাদের, জীবননগর উপজেলা জামায়াতের নায়েবে আমীর সাখাওয়াত হোসেন, সেক্রেটারী মাহফুজুর রহমানসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এর আগে সকালে এমপি রুহুল আমিন জীবননগর উপজেলা পরিষদ পরিদর্শন করেন। তিনি বিভিন্ন দপ্তর ঘুরে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি পর্যবেক্ষণ করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি রাষ্ট্রের সেবক হিসেবে সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
পরবর্তীতে রায়পুর ইউনিয়নে যাওয়ার পথে তিনি হাসাদাহ মডেল কামিল মাদরাসা পরিদর্শন করেন। সেখানে শিক্ষার্থীরা তাকে অভ্যর্থনা জানায় এবং মাদরাসার অধ্যক্ষ মাওলানা আখতারুজ্জামান ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এসময় মাদরাসার বিভিন্ন অবকাঠামোগত সমস্যা তুলে ধরা হলে এমপি রুহুল আমিন সেগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।