চুয়াডাঙ্গা-মেহেরপুরে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মহান মে দিবস পালিত

স্টাফ রিপোর্টার
‘সুস্থ শ্রমিক কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালন করা হয়েছে। গত শুক্রবার সকাল সাড়ে ৮ টায় দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ থেকে শুরু হয়ে জেলা শহরের বিভিন্ন স্থান ঘুরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এসে শেষ হয়। পরে সকাল সাড়ে ৯টায় দিবসটি উপলক্ষে ডিসি সাহিত্য মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও কুষ্টিয়া আঞ্চলিক শ্রম অধিদপ্তরের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শারমিন আক্তার।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া আঞ্চলিক শ্রম অধিদপ্তরের উপপরিচালক খোরশেদ আলম। সভার প্রধান অতিথি জেলা জেলা বিএনপির সভাপতি শরীফুজ্জামান শরীফ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও তাঁদের কল্যাণে যুগান্তকারী নানা পদক্ষেপ গ্রহণ করেছিলেন। শ্রমজীবী-কর্মজীবী মানুষের কল্যাণের কথা ভেবেই শহীদ জিয়া নানা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন। মে দিবস বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার এক গৌরবোজ্জ্বল দিন। ১৮৮৬ সালের এ দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকরা দৈনিক আট ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করে যে ইতিহাস সৃষ্টি করেছিলেন, তাঁদের সেই আত্মত্যাগ শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠায় আজও আমাদের প্রেরণা ও শক্তি জোগায়।
তিনি আরো বলেন, সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার শ্রম আইন সংস্কার, শ্রমিকদের ন্যায্য মজুরি এবং অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের যৌক্তিক মজুরি ও সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণ, প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়নে পেনশন ব্যবস্থা চালু, ট্রেড ইউনিয়নের অধিকার, বন্ধ শিল্প চালু, ন্যায্যমূল্যে খাবার সরবরাহ, স্থায়ী শ্রমিক ও কর্মচারীদের সুরক্ষা নিশ্চিতসহ শ্রমিকসমাজের ভাগ্যোন্নয়নে নানা কর্মসূচি ও নীতি গ্রহণ করেছে। আমি আশা করি এসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন ঘটবে। এই দিনে আমি দেশে-বিদেশে কর্মরত বাংলাদেশের সকল শ্রমজীবী-কর্মজীবী ভাই-বোন, যাঁরা জীবন-জীবিকার জন্য, সর্বোপরি দেশের উন্নয়নের জন্য কর্মে নিয়োজিত রয়েছেন, তাঁদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাই। শ্রমজীবী-কর্মজীবী মানুষই যেকোনো দেশের উন্নয়ন, সমৃদ্ধি আর অগ্রযাত্রার প্রধান অবলম্বন।
সভায় আরোও বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা শ্রমিক দলের সভাপতি এম জেনারেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তরফদার সাবু প্রমুখ। সভায় আরোও উপস্থিত ছিলেন, জেলার সকল শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা ও বিভিন্ন পেশাজীবী শ্রমিকবৃন্দ। সভার শেষের দিকে প্রধান মন্ত্রী তারেক রহমানের ভিডিও বার্তার ভিডিও প্রদর্শন করা হয়।
জীবননগর অফিস জানায়, জীবননগরে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে জীবননগর উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও জীবননগর জাতীয়তাবাদী শ্রমিক দল পৃথকভাবে নানা আয়োজনে দিবসটি পালন করে। গত শুক্রবার সকাল ১০ টায় জীবননগর উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি শুরু করে জীবননগর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
জীবননগর ইজিবাইক ও মিশুক মালিক সমিতি, থ্রি হুইলার মালিক সমিতি, জীবননগর উপজেলা শাখার মটোর শ্রমিক একতা ঐক্য সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ আলাদা আলাদা ব্যানার নিয়ে র‌্যালিতে অংশ নেয়। র‌্যালি শেষে জীবননগর উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আশরাফুল আলম রাসেল। এসময় তিনি বলেন, শ্রমিকরা একটি দেশের অর্থনৈতিক চাকা সচল রাখে।কৃষকদের ঘাম ঝরানো পরিশ্রমের কারনে সোনার ফসল ফলে। দেশের সকল শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো উচিৎ। শ্রমিকেরা যেন তাদের শ্রমের সঠিক ও নায্য মূল্য পাই সেদিকে খেয়াল রাখতে হবে। ইসলামে শ্রমিকদের ঘাম শুকানোর পূর্বে তার পারিশ্রমিক দেওয়ার কথা বলা হয়েছে। শ্রমজীবী মানুষ কোথাও যেন বৈষম্যের স্বীকার না হয় সেদিকে আমাদের সবার নজর দিতে হবে। সকল পেশাজীবি শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতের জন্য বর্তমান সরকার জোর দিয়েছে।
এসময় আরও উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুর জব্বার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান, পুলিশ পরিদর্শক আতিয়ার রহমান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিমন রহমান প্রমূখ।
দর্শনা অফিস জানায়, দর্শনায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস। শুক্রবার সকাল সাড়ে ৮টায় দর্শনা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়। এ উপলক্ষে পৌর বিএনপির সমন্বয়ক হাবিবুর রহমান বুলেটের নেতৃত্বে পুরাতন বাজার দোয়েল চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে রেলবাজারস্থ শহীদ শাহরিয়ার মুক্ত মঞ্চে সমাবেশের মাধ্যমে শেষ হয়। শোভাযাত্রা ও সমাবেশে সরকারি-বেসরকারি কর্মকর্তা, শ্রমিক-মালিক-কর্মচারী, জাতীয়তাবাদী শ্রমিক দল, কেরু অ্যান্ড কোম্পানির শ্রমিক ইউনিয়ন , মোটর শ্রমিক ইউনিয়ন ও রেলওয়ে শ্রমিক দলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
মেহেরপুর অফিস জানায়, “সুস্থ্য শ্রমিক, কর্মঠ হাত আসবে এবার নব প্রভাত” এ প্রতিপাদ্যে মেহেরপুরে নানা আয়োজনে পালিত হয়েছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আতিকুল হক, স্থানীয় সরকার বিভাগের উপপিরচালক পার্থ প্রতিম শীল, সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলামসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জেলার শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও শ্রমিকরা শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে গিয়ে শেষ হয়।
এদিকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা শাখার উদ্যোগে শহরের কমিউনিটি সেন্টার থেকে সকাল ৮ টার দিকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এছাড়াও জেলা ও উপজেলার সরকারী অফিস এবং বিভিন্ন শ্রমিক সংগঠন দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানান কর্মসূচী পালন করছে।
এদিকে , গাংনী উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও শ্রমিক সংগঠনের যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের নেতৃত্বে র‌্যালিটি গাংনী বাসস্ট্যান্ডসহ প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে গাংনী বাসস্ট্যান্ডে আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মটর শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মাহবুবুর রহমান স্বপন, সভাপতি মনিরুল ইসলাম মনি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বশির আহমেদ, শ্রমিক কল্যাণ সম্পাদক মফিজুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। দিবসটি উপলক্ষে গাংনী উপজেলায় দিনব্যাপী ছিল উৎসবমুখর পরিবেশ, যা শ্রমজীবী মানুষের অধিকার ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।