স্টাফ রিপোর্টার
জমকালো আয়োজনের মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় “নতুন কুড়ি স্পোর্টস” কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী দিনেই বালক ও বালিকা বিভাগের একক ও দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকাল ৩টায় সিলেট স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এর পরপরই চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয়ভাবে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসন চত্বরে ডিসি সাহিত্য মঞ্চে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার সেলিম রেজা। চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাইফের সঞ্চালনায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (স্থানীয় সরকার) শারমিন আক্তার। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও রাজস্ব) নয়ন কুমার রাজবংশী, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মিনহাজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বি এম তারিকুজ্জামান, এনডিসি আলাউদ্দিন আল আজাদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে বেলুন ও ফেস্টুন উড্ডয়নের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। পরে চুয়াডাঙ্গা অফিসার্স ক্লাব ব্যাডমিন্টন গ্রাউন্ডে বালক-বালিকা একক ও দ্বৈত প্রতিযোগিতার মধ্য দিয়ে খেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। উদ্বোধনী দিনের খেলায় বালক এককে দামুড়হুদা উপজেলা, বালক দ্বৈতে চুয়াডাঙ্গা সদর উপজেলা এবং বালিকা একক ও দ্বৈতে দামুড়হুদা উপজেলা দল বিজয়ী হয়।
খেলা পরিচালনায় দায়িত্ব পালন করেন মেহেদী হাসান রাসেল, রোকনুজ্জামান রোকন, অনুপ, ইসলাম রকিব, আ. হাই, হাফিজুর রহমান, শামসুন্নাহার শিলা, রিপা শাহরিয়ার, বিলকিচ নাহার ও আইরিন ইসলাম।
আয়োজক সূত্রে জানা গেছে, আজ রবিবার সকাল সাড়ে ৮টা থেকে “নতুন কুড়ি স্পোর্টস”-এর ৮টি ইভেন্টের প্রতিযোগিতা চুয়াডাঙ্গার বিভিন্ন ভেন্যুতে শুরু হবে। আগামী ১০ মে পর্যন্ত এ ক্রীড়া কর্মসূচি চলবে।



