স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলায় পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতারকৃতরা হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার পুরাতন হাসপাতাল পাড়ার সেলিম শেখের ছেলে রাশেদ খান (৪৫), বুজরুক গড়গড়ি মাদ্রাসাপাড়ার আনোয়ার হোসেনের ছেলে অনিক হাসান (২৩) এবং একই এলাকার বদর উদ্দীনের ছেলে শুভ হাসান (২৩)
এসময় রাশেদ খানের কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া অনিক হাসান ও শুভ হাসানের কাছ থেকে মোট ১০ গ্রাম গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আশিস মোমতাজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত রাশেদ খানকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অপরদিকে অনিক হাসান ও শুভ হাসানকে ১৪ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, জেলার মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
চুয়াডাঙ্গায় ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার



