বন্য প্রাণী শিকার করার অপরাধে ৪ জনের কারাদণ্ড, জীবিত ৫টি খরগোশ উদ্ধার

তিতুদহ প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলাধীন তিতুদহ ইউনিয়নের কেরু এন্ড কোম্পানির মাঠে বন্য খরগোশ শিকার ও হত্যার দায়ে ৪ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া দিয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে পরিচালিত এ অভিযানে স্থানীয় প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে শিকারীদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন ঝিনাইদহ জেলার সাধুহাটি গ্রামের মনোরঞ্জনে ছেলে উজ্জল কুমার বিশ্বাস একই এলাকার তোয়াজ আলীর ছেলে সাদগার আলী ও মোহন কুমার বিশ্বাসের ছেলে শুকুমার মন্ডল।
মোবাইল কোর্ট পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম। এর আগে বিকাল ৪টার দিকে বাংলাদেশ ওয়াইল্ডলাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভের সভাপতি এবং বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যার প্রভাষক আহসান হাবীব শিপলুর কাছে খবর আসে যে, প্রায় ১৬ জনের একটি দল কেরু এন্ড কোম্পানির মাঠে বন্য খরগোশ শিকার করছে। খবর পেয়ে সংগঠনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিকারের সত্যতা নিশ্চিত করেন। তাদের উপস্থিতি টের পেয়ে অধিকাংশ শিকারী পালিয়ে যায়। পরে বিষয়টি চুয়াডাঙ্গা সদর বন কর্মকর্তা আবুল খায়ের আতা এলাহীকে জানানো হয় এবং প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়।
পরবর্তীতে বন বিভাগ ও উপজেলা প্রশাসন যৌথভাবে অভিযান চালিয়ে ৪ জন শিকারীকে আটক করে। সরকারি নির্দেশ অমান্য করে বন্যপ্রাণী শিকারের অপরাধে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানের সময় জীবিত অবস্থায় উদ্ধার করা হয় ৫টি বন্য খরগোশ। প্রাথমিক চিকিৎসা শেষে সেগুলোকে পুনরায় তাদের প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হয়। এ সময় তিতুদহ পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ একটি পুলিশ টিম উপস্থিত ছিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করে। বাংলাদেশ ওয়াইল্ডলাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভের পক্ষ থেকে জানানো হয়, যে কোনো বন্যপ্রাণী হত্যা, ক্রয়-বিক্রয়, পাচার বা আটক আইনত দণ্ডনীয় অপরাধ। কেরু এন্ড কোং মাঠ এলাকায় প্রাকৃতিকভাবে বন্য খরগোশের আবাস রয়েছে, যা জেলার একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ হিসেবে বিবেচিত।
এ অভিযানে সংগঠনের সদস্য হাসানুজ্জামান রিগান, বায়জিদ, রিয়াজ উদ্দীন, সাহাবুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অভিযানের সফল বাস্তবায়নে স্থানীয়দের পক্ষ থেকেও প্রশাসন ও সংশ্লিষ্টদের ভূয়সী প্রশংসা করা হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।