দর্শনায় ফুটবল খেলায় চ্যাম্পিয়ন উজ্জ্বল লাইব্রেরি

দর্শনা অফিস
চুয়াডাঙ্গার দর্শনায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মোবারক পাড়া বনাম উজ্জ্বল লাইব্রেরি দলের মধ্যকার ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় টাইব্রেকারে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে উজ্জ্বল লাইব্রেরি দল। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় শুরু হওয়া ম্যাচে নির্ধারিত সময়ে উভয় দল ১-১ গোলে সমতায় থাকে। পরে টাইব্রেকারে ৩-২ গোলের ব্যবধানে মোবারকপাড়া দলকে হারিয়ে শিরোপা জিতে নেয় উজ্জ্বল লাইব্রেরি। বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে পুরো মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ। খেলার প্রতিটি মুহূর্তে দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে মুখর ছিল মাঠ।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা পৌর যুবদলের সদস্য রকিবুল হাসান ব্রাইট। বিশেষ অতিথি ছিলেন দর্শনা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান মাস্টার, দর্শনা থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রিয়েল ইসলাম লিওন, চুয়াডাঙ্গা রেলওয়ে শ্রমিকদলের যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম তরুণ এবং দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শোয়েব আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
খেলা শেষে অতিথিরা বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন এবং যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে ক্রীড়াচর্চার ওপর গুরুত্বারোপ করেন। খেলা পরিচালনা করেন মাঈনউদ্দিন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জীবন, রাব্বি, তৌফিক ও ইমন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।