কার্পাসডাঙ্গা প্রতিনিধি
দামুড়হুদা উপজেলার নাটুদাহে বজ্রপাতে একটি বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নাটুদাহ ইউনিয়নের আটকবর মোড় এলাকায় কলেজ প্রভাষক শাহাজাহান আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে আকস্মিক বৃষ্টির সময় প্রচণ্ড শব্দে বাড়ির ছাদে বজ্রপাত হয়। এতে ছাদের একটি বড় অংশ ভেঙে নিচে পড়ে যায় এবং ঘরের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া বজ্রপাতের তীব্রতায় বাড়ির বৈদ্যুতিক মিটার পুড়ে যায়। তবে সৌভাগ্যক্রমে ওই সময় পরিবারের সদস্যরা নিরাপদে থাকায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
স্থানীয়রা জানান, আকস্মিক এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ক্ষতিগ্রস্ত পরিবারের দ্রুত সহায়তার দাবি জানিয়েছেন তারা।
নাটুদাহে বজ্রপাতে বসতবাড়ি ক্ষতিগ্রস্থ



