ঝিনাইদহে জেন্ডার সংবেদনশীল গ্রাম আদালত উৎসব

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত উৎসব অনুষ্ঠিত হয়েছে। জেলার পিছিয়ে পড়া নারী জনগোষ্ঠীর মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন করা হয়। গতকাল রবিবার দুপুরে সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়ন পরিষদ চত্বরে এ উৎসব অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কমিউনিটি রেডিও এসোসিয়েশনের সহযোগিতায় কমিউনিটি রেডিও ‘রেডিও ঝিনুক’ এ আয়োজন করে।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথীন্দ্র নাথ রায় উৎসব উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন। রেডিও ঝিনুকের স্টেশন ব্যবস্থাপক ইমন হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গ্রাম আদালতের ব্যবস্থাপক রহিদুল ইসলাম, সৃজনী ফাউন্ডেশনের পরিচালক ওহিদুল ইসলাম এবং পোড়াহাটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন।
উৎসবে কুইজ প্রতিযোগিতা, সচেতনতামূলক বইয়ের স্টল, সাংস্কৃতিক পরিবেশনা, ভিডিওচিত্র প্রদর্শন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন এলাকার নারী, কিশোরী ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, নারীদের জেন্ডার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং গ্রাম আদালতের সুবিধা সম্পর্কে অবহিত করাই ছিল এ উৎসবের মূল উদ্দেশ্য। এ ধরনের আয়োজনের মাধ্যমে নারীরা তাদের অধিকার, বিচারপ্রাপ্তির পথ এবং গ্রাম আদালতের বিভিন্ন সেবা সম্পর্কে সহজেই জানতে পারছেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।