আরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় ধূমপানমুক্ত রেল পরিসেবা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের যুগ্ম সচিব মীর আলমগীর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোছাঃ হাসিনা খাতুন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি যুগ্ম সচিব মীর আলমগীর হোসেন বলেন, যাত্রীদের নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে রেলস্টেশন ও ট্রেনে ধূমপান সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। ধূমপানের কারণে যাত্রীদের ভোগান্তি, পরিবেশ দূষণ এবং স্বাস্থ্যঝুঁকি বেড়ে যাচ্ছে, যা প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। ধূমপানমুক্ত পরিবেশ গড়ে তুলতে স্টেশন এলাকায় সচেতনতামূলক প্রচারণা জোরদার করা হবে। একইসঙ্গে আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন। সভায় উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা ধূমপানমুক্ত রেল পরিষেবা বাস্তবায়নে নিজেদের দায়িত্ব পালনের প্রতি আহ্বান জানান। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি পরিচ্ছন্ন রেল পরিবেশ গড়ে তোলা হবে। এর পরে রেল কর্মকর্তারা চুয়াডাঙ্গা রেলস্টেশন প্লাট ফর্মে “ ধুমপান হতে বিরত থাকুন, ইহা শাস্তিযোগ্য অপরাধ” সম্বলিত প্লাকার্ড নিয়ে দাড়ান।
বক্তারা বলেন, রেলওয়ের জন্মলগ্ন থেকেই মাদক এবং ধূমপান স্টেশনে অভ্যন্তরে সম্পূর্ণ নিষিদ্ধ, এছাড়াও ধূমপান ও তামাকজাত দ্রব্য সেবনের কুফল তুলে ধরেন এবং বলেন রেলেওয়েতে যারা প্রতিনিয়ত যাত্রা করেন তাদের মধ্যে অনেক শিশু এবং অন্তঃসত্ত্বা মহিলা থাকে যাদের সামনে ধুমপান করা খুবই মারাত্মক অপরাধ। মত বিনিময় সভায় রেলওয়ে চুয়াডাঙ্গার নিরাপত্তা ইনচার্জ জগদীশ বলেন রেলওয়ে স্ন্যাক বারের লোকজন যদি নিয়ম মেনে চলে তাহলে আমাদের জন্য স্টেশন ও ট্রেনের ভেতর ধূমপান মুক্ত করা সম্ভব হবে। এ সময় সকল স্ম্যাক বারের সকল ব্যবসায়ী প্রতিজ্ঞাবদ্ধ হন, এবং বলেন আমরা আর ধূমপান ও তামাকজাত দ্রব্য বিক্রি করবো না
সভায় আরো উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা গৌতম কুন্ডু, চুয়াডাঙ্গা রেল স্টেশন মাস্টার মিজানুর রহমান, সহকারী স্টেশন মাস্টার নাসরিন ফারহানা, বুকিং ইনচার্জ শিরিন শিলা, রেলওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ জগদীশসহ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেল ভবনের প্রোগ্রাম অফিসার সাদিয়া বীনতে সালে।
চুয়াডাঙ্গায় ধূমপানমুক্ত রেল পরিসেবা গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত



