আটকবর প্রতিনিধি
দামুড়হুদা উপজেলায় মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পৃথক দুই ঘটনায় প্রাণ হারিয়েছে ৩ বছরের শিশু রুফায়েদ হোসেন এবং ৯ মাস বয়সী শিশু আনিসা। একদিনে দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে নাটুদহ ইউনিয়নের বোয়ালমারী গ্রামে নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে রুফায়েদ হোসেন (৩) মারা যায়। সে মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের ঢোলমারী গ্রামের আসমান আলীর ছেলে।
স্বজনদের বরাতে জানা যায়, সকালে মায়ের সঙ্গে নানাবাড়ি বেড়াতে এসে রুফায়েদ বাড়ির আশপাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে সবার অগোচরে সে পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘ খোঁজাখুঁজির পর পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
এর কয়েক ঘণ্টা পর দুপুরে কুড়ুলগাছি ইউনিয়নের চন্ডিপুর খামারীপাড়ায় আরও একটি মর্মান্তিক ঘটনা ঘটে। আনোয়ার হোসেনের ৯ মাস বয়সী কন্যা শিশু আনিসা অসাবধানতাবশত বাড়ির পাশের পানি ভর্তি গর্তে পড়ে যায়। পরে উদ্ধার করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
একই দিনে ছয় ঘণ্টার ব্যবধানে দুই শিশুর মৃত্যুতে হতবাক স্থানীয়রা। তাদের ভাষ্য, সামান্য অসতর্কতা ও নজরদারির ঘাটতির কারণেই দুটি নিষ্পাপ প্রাণ ঝরে গেছে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন জানান, একটি ঘটনায় স্বজনদের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য ঘটনাটিতেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
দামুড়হুদায় ছয় ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু



