চুয়াডাঙ্গার মিঠাইবাড়ির মিষ্টি খেয়ে শিশু অসুস্থ

স্টাফ রিপোর্টার


চুয়াডাঙ্গায় একটি মিঠাই দোকান থেকে কেনা পচা মিষ্টি খেয়ে এক শিশু অসুস্থ হয়ে পড়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ভিডিও ধারণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার আছরের নামাজের পর হাতিকাটা এলাকার বাসিন্দা রোকন জোয়ার্দার স্থানীয় একটি মিঠাই দোকান থেকে ৫০০ গ্রাম রসমালাই ২৬০ টাকায় ক্রয় করেন। পরে তিনি বাড়িতে নিয়ে তার শিশুকে মিষ্টি খাওয়ালে কিছুক্ষণের মধ্যেই শিশুটি বমি শুরু করে এবং অসুস্থ হয়ে পড়ে।

পরবর্তীতে শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ সময় মিষ্টি পরীক্ষা করে দেখা যায়, সেগুলো পচা ও নষ্ট ছিল বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।

ঘটনার পর রোকন জোয়ার্দার মিষ্টি ফেরত দিতে দোকানে গেলে দোকান কর্তৃপক্ষ তা গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। পরে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে দোকানের কর্মচারীরা দ্রুত তাকে মিষ্টি নিয়ে স্থান ত্যাগ করতে বলেন বলে অভিযোগ ওঠে।

এদিকে, ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণের সময় দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি ও এনটিভির অনলাইন প্রতিনিধি মোঃ আব্দুল্লাহ হককে দোকানের কর্মচারীরা ভিডিও ধারণে বাধা দেন।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট দোকান মালিকের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের দাবি, বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।