আলমডাঙ্গায় খেলাফত মজলিসের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আলমডাঙ্গা অফিস
খেলাফত মজলিস আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে ‘খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণআন্দোলন গড়ে তুলুন—রমজানের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৫টার দিকে আলমডাঙ্গা চারতলা মোড়ের একটি রেস্টুরেন্টে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খেলাফত মজলিস আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা আনিসুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির ও কুষ্টিয়া জোন পরিচালক অধ্যাপক মাওলানা সিরাজুল ইসলাম।
তিনি বলেন, দেশের ইসলামী ও সমমনা রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে পারস্পরিক আস্থা, সংহতি ও ঐক্য আজ সময়ের অপরিহার্য দাবি। বিভক্তি বা মতানৈক্য জাতির কোনো কল্যাণ বয়ে আনতে পারে না। বরং জাতীয় স্বার্থে এবং জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কুষ্টিয়া জোন পরিচালক, সাবেক ব্যাংকার সিরাজুল ইসলাম। তিনি বলেন, যে চেতনা ও প্রত্যাশা নিয়ে জুলাই আন্দোলন সংগঠিত হয়েছিল, সেই চেতনার বাস্তব প্রতিফলন ঘটাতে হলে রাজনৈতিক দল, যুব সংগঠন এবং সচেতন নাগরিক সমাজকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যুবসমাজই জাতির ভবিষ্যৎ ও পরিবর্তনের প্রধান শক্তি। তাই দেশের কল্যাণে, ন্যায়ভিত্তিক সমাজ গঠনে এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় যুবসমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
এ সময় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মাওলানা মনিরুজ্জামান, আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি আকরাম হোসাইন, কুষ্টিয়া জেলা যুব মজলিসের সেক্রেটারি হাফেজ মোঃ শফিউল ইসলাম, বাড়াদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক মনিরুজ্জামান মনি এবং জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম মাওলানা মোঃ আবুল বাশার। আলহাজ জাকারিয়া হাবিবের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম পিন্টু এবং সরকারি কলেজের প্রভাষক মোঃ আব্দুল হাই। অনুষ্ঠানের শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মোঃ ইসহাক আলী।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।