সরোজগঞ্জ প্রতিনিধি
দেশের বাইরে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব দেশের জ্বালানি বাজারেও পড়তে শুরু করেছে। এ অবস্থায় এলাকায় তেলের সংকট তৈরি হতে পারে এমন আশঙ্কায় অনেকেই আগেভাগে তেল মজুদ করার চেষ্টা করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরোজগঞ্জের মনিরুল ইসলাম ফিলিং স্টেশনে প্রতিদিন স্বাভাবিকের তুলনায় অনেক বেশি মোটরসাইকেল চালক ও খুচরা দোকানদারের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তারা প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে পেট্রোল, অকটেন ও ডিজেল কিনে বিভিন্ন পাত্রে করে নিয়ে যাচ্ছেন এবং ভবিষ্যতের জন্য মজুদ করছেন।
ফিলিং স্টেশনের আশপাশের কয়েকজন বাসিন্দা জানান, গত কয়েকদিন ধরে এখানে তেল নেওয়ার চাপ অনেক বেশি। অনেকেই অতিরিক্ত তেল নিয়ে গিয়ে ঘরে বা দোকানে সংরক্ষণ করছেন। স্থানীয়দের আশঙ্কা, এভাবে অতিরিক্ত তেল মজুদ করা চলতে থাকলে সাধারণ মানুষের জন্য জ্বালানি সংকট তৈরি হতে পারে।
এ বিষয়ে সরোজগঞ্জ মনিরুল ইসলাম ফিলিং স্টেশনের ক্যাশিয়ার মিজানুর রহমান মিজান জানান, যুদ্ধ পরিস্থিতির কারণে অন্যান্য দিনের তুলনায় বর্তমানে তেলের বিক্রি অনেক বেড়েছে। আগে প্রতিদিন যেখানে পেট্রোল বিক্রি হতো প্রায় দুই থেকে আড়াই হাজার লিটার, এখন সেখানে চার থেকে পাঁচ হাজার লিটার পর্যন্ত বিক্রি হচ্ছে। তিনি আরও বলেন, অনেক দোকানদার অতিরিক্ত তেল কিনে নিয়ে গিয়ে মজুদ করে রাখছেন। তবে তারা সরকার নির্ধারিত ন্যায্যমূল্যেই তেল বিক্রি করছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। তারা বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
রোজগঞ্জে ফিলিং স্টেশনে তেল কিনতে ক্রেতাদের লাইন



