জীবননগরে জ্বালানি সংকটের গুজবে প্রয়োজনের অতিরিক্ত তেল কিনতে দীর্ঘ লাইন

জীবননগর অফিস
মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও হরমুজ প্রণালী বন্ধ হয়ে যেতে পারে এমন খবরে জ্বালানি তেলের সম্ভাব্য সংকট নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এর প্রভাব পড়েছে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায়। সম্ভাব্য সংকটের আশঙ্কায় সাধারণ মানুষ প্রয়োজনের চেয়ে বেশি তেল কিনতে পেট্রোলপাম্পগুলোতে ভিড় করছেন। উপজেলার বিভিন্ন পেট্রোলপাম্পে ঘুরে দেখা গেছে, ডিজেল, অকটেন ও পেট্রোল কিনতে যানবাহনের দীর্ঘ সারি। বিশেষ করে মোটরসাইকেল চালকদের লাইনে দাঁড়িয়ে তেল নিতে অপেক্ষা করতে দেখা যায়। অনেকে আবার বড় কন্টেইনার ও প্লাস্টিকের পাত্রে করে অতিরিক্ত তেল সংগ্রহ করছেন।
জীবননগর ফিলিং স্টেশন, পেয়ারাতলায় মেসার্স উৎসব ফিলিং স্টেশন, সন্তোষপুরে মেসার্স অংগন ফিলিং স্টেশন এবং দেহাটিতে মেসার্স পিয়াস ফিলিং স্টেশন এসব পাম্পে তেল নিতে মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। এদিকে খুচরা বাজারে তেল বিক্রি প্রায় বন্ধ হয়ে গেছে বর্তমানে শুধু পেট্রোল পাম্পগুলোতেই জ্বালানি তেল পাওয়া যাচ্ছে।
সন্তোষপুরের মেসার্স অংগন ফিলিং স্টেশনের ম্যানেজার ফরহাদ হোসেন জানান, গত কয়েক দিন ধরে তেল বিক্রি অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। অনেকেই গাড়ির ট্যাংক খালি না থাকলেও ট্যাংক ভরে নিচ্ছেন। শুধু গাড়ির ট্যাংকেই নয়, অনেকেই আলাদা পাত্রেও তেল নিয়ে যাচ্ছেন। তিনি বলেন, “বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন যে নির্দেশনা দিয়েছে, সেই নিয়ম মেনেই তেল বিক্রি করা হচ্ছে।
তেল নিতে আসা মোটরসাইকেল চালক সুমন হোসেন বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়েছে বলে শুনছি। অনেকেই বলছে তেলের সংকট হতে পারে। সামনে ঈদ, তাই ঘোরাঘুরির জন্য ১ এক হাজার ৫০০শত টাকার পেট্রোল কিনে রেখে দিলাম।
পাম্পে তেল কিনতে আসা রাকিব হোসেন বলেন, দেড় বিঘা জমিতে ইরি ধান চাষ করেছি। এখন নিয়মিত সেচ দিতে হচ্ছে। বিদেশে যুদ্ধের খবর শুনে বাড়তি ডিজেল কিনে রাখছি।
এ বিষয়ে সচেতন মহল বলছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে কেন্দ্র করে জ্বালানি তেল সংকটের গুজব ছড়িয়ে পড়ায় অনেকেই প্রয়োজনের তুলনায় বেশি তেল কিনে মজুদ করছেন, যা বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে পারে। তারা জানান, তেলের বাজার স্থিতিশীল রাখতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) যে নতুন নির্দেশনা দিয়েছে তা কঠোরভাবে বাস্তবায়ন এবং পেট্রোলপাম্পগুলোতে প্রশাসনের নিয়মিত তদারকি প্রয়োজন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।