স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার আলমডাঙ্গা শহরের হাজী মোড়স্থ লায়লা কনভেনশন হল-এ এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিল থেকে আলমডাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মোঃ আমিনুল হক বিশ্বাস এবং আলমডাঙ্গা পৌরসভার মেয়র পদপ্রার্থী হিসেবে মাজিদুল ইসলাম মুকুল-এর নাম ঘোষণা করা হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মুহাম্মদ হাসানুজ্জামান সজিব। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সহ-সভাপতি মাওলানা জহুরুল ইসলাম আজিজি।
ইসলামী আন্দোলন বাংলাদেশ আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা আকরাম হোসাইন সাইরাফি-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, দেশের সার্বিক কল্যাণ, ন্যায়বিচার ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠা সময়ের দাবি। বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে ব্যক্তি ও সমাজ জীবনে কুরআন-সুন্নাহর আলোকে চলার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা শাখার সহ-সভাপতি ওয়ালীদ হোসাইন, সেক্রেটারি আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, বাংলাদেশ মুজাহিদ কমিটির ছদর মুফতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মীর শফিকুল ইসলাম, শ্রমিক আন্দোলনের সভাপতি মাজেদুল ইসলাম মুকুল, সেক্রেটারি আলহাজ্ব আবুল কাশেম প্রমুখ।
আলমডাঙ্গায় ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত



