গাংনীতে বিএনপি নেতার বিরুদ্ধে জামায়াত-শিবিরের লাঠি মিছিল

মেহেরপুর অফিস
গাংনী উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভায় জামায়াত নেতার ওপর হামলার প্রতিবাদে লাঠি মিছিল করেছেন জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা। গতকাল বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলা শহরের প্রধান সড়কে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল থেকে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুর বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। জামায়াত কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। লাঠি হাতে নেতাকর্মীরা স্লোগান দিতে দিতে উপজেলা পরিষদ চত্বর হয়ে হাসপাতাল বাজারের দিকে অগ্রসর হন। এ সময় তারা আসাদুজ্জামান বাবলুর কার্যালয়ের পাশ দিয়ে মিছিল করেন এবং তাকে উদ্দেশ করে বিভিন্ন স্লোগান দেন। পরে শিশিরপাড়া মোড় হয়ে মিছিলটি পুনরায় জামায়াত কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির রবিউল ইসলাম, সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম এবং উপজেলা শিবিরের সভাপতি শিহাব ইসলামসহ জামায়াত-শিবিরের অন্যান্য নেতাকর্মীরা।
প্রসঙ্গত, একই দিন দুপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় জামায়াত নেতা ও কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহা: আলম হুসাইনের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুর সমর্থকরা এ হামলা চালান। এর প্রতিবাদেই বিকালে এ লাঠি মিছিলের আয়োজন করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।